ভারত জুড়ে চলছে লোকসভা নির্বাচন কেন্দ্রিক
নানান তৎপরতা। সব দলই নিজেদের মতো করে কৌশল সাজাতে শুরু করেছে। কেন্দ্রের তরফে সম্প্রতি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘কিষাণ প্রকল্পের’ কিস্তি ঘোষণা করেছেন। এরই মাঝে কৃষকদের
উদ্দেশে বড় ঘোষণা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়। খবর হিন্দুস্তান
টাইমস।
অকাল বর্ষণে এ রাজ্যের অনেক কৃষক ফসল
হারিয়েছেন। বিষয়টি উল্লেখ করে মমতা বলেন, যাদের জমির ফসল বৃষ্টিতে নষ্ট হয়েছে, তারা
সবাই টাকা পাবেন।
গতকাল রোববার (১০ ডিসেম্বর) আলিপুরদুয়ারে
প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি নানান সুবিধার কথা তুলে
ধরেন। এর মধ্যে রয়েছে রাজ্যের এক কোটি ২০ লাখ কৃষকের জন্য আর্থিক সুবিধার ঘোষণা।
এদিন মমতা জানান, আগামী মঙ্গলবার (১২
ডিসেম্বর) রাজ্যের এক কোটি ২০ লাখ কৃষকের কাছে মাথাপিছু পৌঁছে যাবে নগদ পাঁচ হাজার
রুপি। এর অর্থ দেয়া হবে ‘কৃষি বন্ধু’ প্রকল্পের আওতায়। আলীপুরদুয়ারে ৯০ হাজার কৃষক
খরিপ চাষের অর্থ পাবেন তাদের অ্যাকাউন্টে। দুবারে মোট ১০ হাজার টাকা পাবেন।
মমতা এদিন বলেন, ‘বৃষ্টিতে যাদের জমি
নষ্ট হয়েছে, শস্য বিমার টাকা সরকার এখন নিজে দেয়। আপনাদের কৃষির জমি মিউটেশন করতে
কোনো মূল্য লাগে না। যাদের শস্য বিমা করা আছে, তারা সকলেই টাকা পাবেন।’
এছাড়া ‘দুয়ারে সরকার’ প্রচারণার মাধ্যমে
বিভিন্ন প্রকল্পে আবেদন করা যাবে বলেও জানান তিনি। এর আওতায় আগামী বছরে কৃষকরা পাবেন
বিভিন্ন সহায়তা।
গত মাসে ‘কিষাণ সম্মাননিধির যোজনা’র
১৫তম কিস্তির ঘোষণা করে মোদি সরকার। সেই টাকা কেন্দ্রের নথিভুক্ত কৃষকদের কাছে পৌঁছে
যায়। এরপর ডিসেম্বরই বাংলার কৃষকদের কাছে অর্থ পৌঁছে দেয়ার কথা জানিয়েছে মমতা সরকার।










