নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতা, সহিংস প্রতিবাদ ও কঠোর কারফিউর মধ্যে আটকে পরা আন্তর্জাতিক পর্যটকদের জন্য অস্থায়ী ভিসা শিথিলের ঘোষণা দিয়েছে নেপালের অভিবাসন বিভাগ। ফলে সেখানে অবস্থান করা বিদেশী নাগরিকরা এখন নিরাপদ ও সহজে নেপাল ত্যাগ করতে পারবেন। খবর হিমালয় এক্সপ্রেস।

নতুন নিয়ম অনুযায়ী, ৮ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত বৈধ ভিসাধারীরা অতিরিক্ত ফি ছাড়াই ভিসা নিয়মিতকরণ ও দেশত্যাগ করতে পারবেন। পাসপোর্ট হারিয়ে গেলে জরুরি নথিতে ভিসা স্থানান্তরের বিশেষ সুযোগও রাখা হয়েছে। এ প্রক্রিয়া নেপালের বিদ্যমান অভিবাসন নিয়ম অনুযায়ীই সম্পন্ন হবে। যেসব ভ্রমণকারী তাদের নিজস্ব দূতাবাস কর্তৃক ইস্যু করা জরুরি পাসপোর্ট বা অন্যান্য ভ্রমণ নথি বহন করছেন, তাদের ভিসা বিদ্যমান নিয়ম অনুযায়ী নতুন নথিতে স্থানান্তর করা হবে, যাতে তারা সহজে দেশত্যাগ করতে পারেন।

এছাড়াও, কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর ১০ সেপ্টেম্বর থেকে পুনরায় চালু হয়েছে। নেপাল ট্যুরিজম বোর্ড (এনটিবি) পর্যটকদের সহায়তায় ফ্রি শাটল বাস সার্ভিস চালু করেছে, যা বিমানবন্দর থেকে বিভিন্ন হোটেল জোনে যাতায়াত নিশ্চিত করছে। এনটিবির কর্মীরা ২৪ ঘণ্টা সক্রিয়, পর্যটকদের সমস্যা সমাধানে যোগাযোগ নম্বরসহ সহায়তা প্রদান করছে।