শুধু সিডনি শহর নয় বিশ্বে অস্ট্রেলিয়ার
প্রতীকী স্থাপনা হিসেবে পরিচিত সিডনি অপেরা হাউজ। প্রতি বছর কোটি কোটি পর্যটকের আকর্ষণের
কেন্দ্রবিন্দুতে থাকে আধুনিক স্থাপত্যকলার এ নিদর্শন।
আজ শুক্রবার (২০ অক্টোবর) ৫০ বছর পার
করে ৫১ বছরে পা রেখেছে সিডনি অপেরা হাউজ।
বৈশ্বিক অর্থ ব্যবস্থা নিয়ে কাজ করা
সংস্থা ডেলয়েটের মতে, এ স্থাপনার সাংস্কৃতিক মূল্য প্রায় এক হাজার ১০৪ কোটি ডলার। যা
ফ্রান্সের আইফেল টাওয়ার ও যুক্তরাষ্ট্রের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের মতো আইকনিক স্থাপনা।
১৯৭৩ সালের ২০ অক্টোবর সিডনি অপেরা হাউজ উদ্বোধন করেন ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথ। গত পঞ্চাশ বছরে কোটি কোটি দর্শকের নজর কেড়েছে শিল্পকলা প্রদর্শনের বহুমুখী এ মঞ্চ।
নির্মাণ শুরু হয় ১৯৬৬ সালে। ছবি: সিএনএন
সিডনি অপেরা হাউজে অনুষ্ঠান দেখতে প্রতি
বছর অন্তত ১০ লাখ দশনার্থী ভিড় জমান। আর যারা একবার সিডনি সফরে যান, তাদের অন্যতম লক্ষ্য
থাকে স্থাপনা একবার দেখা আসা। ২০০৭ সালে এ স্থাপনাকে ইউনেসকো বিশ্ব ঐতিহ্যের তালিকায়
অন্তর্ভুক্ত করা হয়।
সিডনি অপেরা হাউজ নির্মাণের জন্য ১৯৫৭
সালে ডিজাইন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ২৩৩টি নকশার মধ্য থেকে বাছাই করা হয় ড্যানিশ
স্থপতি জর্ন উটজনের নকশাটি। এরপর তিনি মূল নকশা প্রণয়নের দায়িত্ব পান। পরবর্তীতে তিনি
স্থাপনায় নোবেল খ্যাত প্রিজকার পুরস্কার লাভ করেন।
স্থাপনা শিল্পকলার নান্দনিক প্রতীকটি
সিটি অব কালারস-নামে পরিচিত সিডনির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এ শহরে সারাবছরই কোনো
না কোনো উৎসব লেগে থাকে। আর এসব উৎসবের সঙ্গে তাল মিলিয়ে সিডনি অপেরা হাউজের দেয়ালে
ও ছাদে খেলা করে বিভিন্ন রঙের আলো।









