২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মোট জনসংখ্যার এক-পঞ্চমাংশের বেশি বা ২১ শতাংশ মানুষ দারিদ্র্য বা সামাজিক বঞ্চনার (সামাজিক অন্তর্ভুক্তি থেকে বঞ্চিত হওয়া) ঝুঁকিতে ছিল। এ তথ্য দিয়েছে অঞ্চলটির পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাট। খবর আনাদোলু।

প্রতিবেদন অনুসারে, ইইউর গড় দারিদ্র্য বা সামাজিক বঞ্চনার তুলনায় দ্বিগুণের বেশি হার পাওয়া গেছে পাঁচটি অঞ্চলে। এর মধ্যে সবচেয়ে বেশি বঞ্চনার শিকার ফ্রান্সের বিদেশী অঞ্চল ফ্রেঞ্চ গায়ানার নাগরিকরা। এখানে দারিদ্র্য বা সামাজিক বঞ্চনার ঝুঁকিতে থাকা মানুষের হার ৫৯ দশমিক ৫। এর পরই রয়েছে ইতালির দক্ষিণাঞ্চলীয় কালাব্রিয়া (৪৮ দশমিক ৮) ও কাম্পানিয়া (৪৩ দশমিক ৫ শতাংশ)। স্পেনের স্বায়ত্তশাসিত শহর মেলিলা ও সেউতায় প্রতি চারজনে একাধিক ব্যক্তি বঞ্চনার শিকার।

গত বছর ইউরোপে মোট ২৫টি অঞ্চল ছিল, যেখানে অন্তত এক-তৃতীয়াংশ জনগণ দারিদ্র্য বা সামাজিক বঞ্চনার ঝুঁকি মোকাবেলা করেছে। এর বেশির ভাগই গ্রিস, বুলগেরিয়া, স্পেন, ইতালি, রোমানিয়া ও ফ্রান্সের মূল ভূখণ্ডের বাইরের বিদেশী অঞ্চল। এ তালিকায় পশ্চিম ইউরোপের দুটি শহুরে অঞ্চলও রয়েছে। বেলজিয়ামের ব্রাসেলস-ক্যাপিটাল ও জার্মানির ব্রেমেন।

অন্যদিকে ইইউর ২৬টি অঞ্চলে এ ধরনের আর্থসামাজিক পরিস্থিতির হার ছিল ১২ দশমিক ৫-এর নিচে। এর মধ্যে সাতটি ইতালির উত্তর ও মধ্যাঞ্চলে। তবে অস্ট্রিয়া সীমান্তবর্তী স্বায়ত্তশাসিত প্রদেশ বোলজানোয় দারিদ্র্য বা সামাজিক বঞ্চনার হার ইইউর মধ্যে সবচেয়ে কম, ৬ দশমিক ৬।

চেক প্রজাতন্ত্রের আট অঞ্চলের ছয়টিতে দারিদ্র্যের হার ছিল ১২ দশমিক ৫-এর নিচে। এর মধ্যে জিহোজাপাদে ছিল ৮ দশমিক ৮ শতাংশ, যা ইইউর তৃতীয় সর্বনিম্ন হার।

দারিদ্র্য বা সামাজিক বঞ্চনা তুলনামূলকভাবে কম ছিল বেলজিয়াম ও অস্ট্রিয়ার তিনটি করে, পোল্যান্ডের দুটি, হাঙ্গেরির একটি এবং ক্রোয়েশিয়া, রোমানিয়া, স্লোভেনিয়া ও স্লোভাকিয়ার রাজধানী অঞ্চলগুলোয়।