দখলদার ইসরায়েলে স্থানীয় সময় শনিবার মধ্যরাত ও রোববার ভোরে দুই দফা হামলা চালিয়েছে ইরান। এতে ব্যবহার করা হয়েছে দ্রুতগতির মিসাইল। দুইবারের এ হামলায় ইসরায়েলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৫০ জন।

এরমধ্যে শুধু উত্তর ইসরায়েলে প্রাণ হারিয়েছেন পাঁচজন। নিহতরা আরব ইসরায়েলি বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। তারা খাতিব পরিবারের সদস্য। শহরটি ফিলিস্তিনি-ইসরায়েলি অধ্যুষিত। অপরদিকে ভোরের হামলায় ৬০ বছর বয়সী এক নারী প্রাণ হারিয়েছেন।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড আদম জানিয়েছে, মধ্য ইসরায়েলের বাত ইয়ামে ওই নারী নিহত হয়েছেন। এছাড়া সেখানে আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক।

ইরানি হামলায় বাণিজ্যিক রাজধানী তেলআবিব এবং রামাত গানেও বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত এবং হতাহতের ঘটনা ঘটেছে। তবে সেখানকার হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

ইরানের রাষ্ট্রীয় টিভি বলছে, ‘ট্রু প্রমিজ ৩’ অভিযানের দ্বিতীয় ধাপে ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলে।ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, হাইফা এবং কিরিয়াত এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ক্ষেপণাস্ত্রগুলো মাটিতে আঘাত করেছে না কি বাধা দেয়া হয়েছে তা এখনো স্পষ্ট নয়।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে যে, তাদের বিমান বাহিনীও বর্তমানে তেহরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। একই সঙ্গে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার তৎপরতা চলছে।