ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসের ঘটনায় নয়দিন ধরে আটকে রয়েছেন ৪০ শ্রমিক। নানা চেষ্টার পরও তাদের বের করে আনা সম্ভব হয়নি। উল্টো নতুনভাবে ধসের আশঙ্কায় শুক্রবার বন্ধ ঘোষণা করা হয় উদ্ধারকাজ। শ্রমিকদের উদ্ধারে এবার নতুন কৌশল হাতে নিয়েছে কর্তৃপক্ষ। খবর রয়টার্স।

আটকে পড়াদের উদ্ধারে পাঁচটি নতুন পরিকল্পনায় জোর দিচ্ছেন উদ্ধারকারীরা। এতদিন সামনের দিক থেকে টানেলের কাছে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছিল। এবার ওপর দিক থেকে খোঁড়ার পরিকল্পনা করা হচ্ছে। নতুন একটি রাস্তা এরই মধ্যে তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে সুড়ঙ্গে পৌঁছানো সহজ হবে।

জানা গেছে, টানেলের ৬০ মিটার গভীরে আটকে আছেন শ্রমিকরা। এখন পর্যন্ত ২৪ মিটার খোঁড়া সম্ভব হয়েছে। ভুক্তভোগী শ্রমিকদের মানসিকভাবে সুস্থ রাখতে ওয়াকিটকির মাধ্যমে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে। টানেলের কাছে মোতায়েন রাখা হয়েছে মেডিকেল টিম।

এদিকে দীর্ঘ সময় আটকে থাকায় শ্রমিকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে শঙ্কা প্রকাশ করছেন চিকিৎসকরা। তবে সবাই নিরাপদে আছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। তাদের পাইপের মাধ্যমে খাবার ও পানি পাঠানো হচ্ছে।