যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কাশ্যপ প্রমোদ বিনোদ প্যাটেলের (ক্যাশ প্যাটেল) মনোনয়ন অনুমোদন করেছে মার্কিন সিনেট। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ মনোনয়ন অনুমোদন করে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ আইনপ্রয়োগকারী সংস্থার শীর্ষ পদে ৪৪ বছর বয়সী ক্যাশ প্যাটেলের নিয়োগ চূড়ান্ত হলো।

ডেমোক্র্যাট সিনেটরদের সবাই তার বিপক্ষে ভোট দেন। তাদের সঙ্গে যোগ দেন সিনেটের দুই মধ্যপন্থী রিপাবলিকান সদস্য সুসান কলিন্স ও লিসা মুরকোস্কি। ডেমোক্র্যাটরা ক্যাশ প্যাটেলের মনোনয়নের বিরোধিতা করে বলেন, তিনি অতীতে ট্রাম্পের সমালোচকদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার আহ্বান জানিয়েছিলেন। তাই তিনি এফবিআইয়ের নেতৃত্ব দেয়ার জন্য যোগ্য নন। তবে ক্যাশ প্যাটেলের পক্ষের রিপাবলিকানরা যুক্তি দেন, এফবিআইয়ের ওপর জনগণের আস্থা পড়ে গেছে। ক্যাশ প্যাটেল সংস্থাটির সংস্কার করবেন।

ক্যাশ প্যাটেল অতীতে খোলাখুলিভাবে এফবিআইয়ের সমালোচনা করেছেন। যুক্তরাষ্ট্রে ডিপ স্টেটের অস্তিত্ব থাকার ধারণা তিনি জোরেশোরে প্রচার করেছেন। ট্রাম্পের ব্যাপারে এফবিআই পক্ষপাতদুষ্ট আচরণ করেছে বলে মনে করেন ক্যাশ প্যাটেল। তিনি সংস্থাটিকে ঢেলে সাজানোর পক্ষে।

ক্যাশ প্যাটেলের জন্ম যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে। অভিবাসী হিসেবে তার মা-বাবা ভারতের গুজরাট থেকে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। ইউনিভার্সিটি অব রিচমন্ড থেকে ক্রিমিনাল জাস্টিস অ্যান্ড হিস্টোরি বিষয়ে স্নাতক করেন ক্যাশ প্যাটেল। ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৯ সালে মার্কিন প্রশাসনে যোগ দিয়েছিলেন ক্যাশ প্যাটেল।