ভারতে আবারো ঘটেছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। আজ মঙ্গলবার (৩০ জুলাই) ভোরে কলকাতার হাওড়া থেকে ছেড়ে আসা মহারাষ্ট্রের মুম্বাইগামী একটি ট্রেনের প্রায় ১৮টি বগি লাইনচ্যুত হয়ে ২ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডে। খবর এনডিটিভি।

হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস ভোর ৪টার দিকে জামশেদপুর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে বাদাবাম্বুর কাছে লাইনচ্যুত হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী কয়েকটি দল। কর্মকর্তারা জানান, সেখানে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চলছে।

রেলওয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ওম প্রকাশ চরণ বলেছেন যে, কাছাকাছি একটি মালবাহী ট্রেনও লাইনচ্যুত হয়েছিল। তবে দুটি দুর্ঘটনা একই সঙ্গে ঘটেছে কিনা তা এখনো স্পষ্ট নয়।

তিনি বলেন, লাইনচ্যুত ১৮টি বগির মধ্যে ১৬টি যাত্রীবাহী, একটি পাওয়ার কার এবং একটি প্যান্ট্রি কার ছিল।

আহতদের রেলওয়ের মেডিকেল টিম প্রাথমিক চিকিৎসা দিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য তাদের চক্রধরপুরে নিয়ে যাওয়া হয়েছে।

লাইনচ্যুত হওয়ার সঠিক কারণ খুঁজে বের করা হচ্ছে বলে জানান তারা।

ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য বাস ও অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া, হেল্পলাইন নম্বর দিয়েছে ভারতীয় রেলওয়ে।