যুক্তরাজ্যে নিজ বাড়ির বাইরে অ্যাসিড হামলার শিকার হয়েছেন বলে দাবি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের উপদেষ্টা মির্জা শাহজাদ আকবরের। হামলায় ব্যবহৃত রাসায়নিক চোখে না লাগলেও শরীরের অন্য অংশে পড়েছে বলে জানান তিনি। খবর বিবিসি।

পুলিশ জানিয়েছে, এ অভিযোগ পাওয়ার পর তারা তদন্তে নেমেছেন। তবে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।

ইমরান খানের উপদেষ্টা পদ থেকে গত বছর আকবরকে অপসারণ করা হয়। একাধিক অভিযোগের কারণে কারাগারেও ছিলেন তিনি।

মাইক্রো ব্লগিং প্লাটফর্ম এক্সে আকবর বলেন, ‘আক্রমণকারী আমার ওপর অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়।’ আরেক পোস্টে বলেন, এতে আমি ভয় পাই না বা তাদের কাছে মাথা নত করব না।

বিবিসিকে বলেন, সপরিবারে পাকিস্তান থেকে পালিয়ে আসার পর থেকে যুক্তরাজ্যে তাকে অসংখ্যবার হুমকি দেয়া হয়েছে।

আকবর আরো জানান, পাকিস্তানে নিখোঁজ হয়েছেন তার ভাই।

তিনি দাবি করেন যে অ্যাসিড হামলা লাগাতার হুমকির একটি অংশ। তবে এ ঘটনার জন্য কাউকে সন্দেহ করেন কিনা তা জানাননি।

আরো জানান, রাসায়নিকটি তার হাতে এবং মাথার ওপরের অংশে ছিটকে পড়ে। তবে চোখে পড়েনি।

হার্টফোর্ডশায়ার পুলিশ জানায়, গত রোববার বিকালে তারা একটি হামলার অভিযোগ পেয়েছে। তদন্তে অ্যাসিডিক দ্রবণ ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।