টেক্সাসের একটি খামারে বিস্ফোরণে আনুমানিক ১৮ হাজার গরু মারা গেছে। ডিমিট শহরের কাছে সাউথ ফর্ক ডেইরির এ ঘটনায় আহত এক কর্মীর অবস্থা গুরুতর। খবর বিবিসি।

স্থানীয় কর্তৃপক্ষের ধারণা, কারখানার যন্ত্রপাতি থেকে ছড়িয়ে পড়া মিথেন গ্যাস এ বিস্ফোরণের কারণ।

গত ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে অগ্নিকাণ্ডে যুক্তরাষ্ট্রে প্রায় ৩০ লাখ খামারী প্রাণী মারা গেছে।

ক্যাস্ট্রো কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, তারা গত ১১ এপ্রিল আগুনের খবর পান। শেরিফের অফিসের পোস্ট করা ছবিতে আকাশের দিকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।

পুলিশ ও জরুরি কর্মীরা ঘটনাস্থলে আটকা পড়া একজনকে উদ্ধার করেন। গুরুতর আহত ওই ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়।

আগুন ও ধোঁয়ায় মারা যাওয়া গরুর সঠিক সংখ্যা জানা যায়নি। তবে শেরিফের অফিস বলছে, আনুমানিক ১৮ হাজার গবাদি পশু মারা গেছে।

শেরিফ সাল রিভেরা ধারণা করছেন, গোবর ও পানি নিষ্কাষনে ব্যবহৃত যন্ত্র অতিরিক্ত উত্তপ্ত হয়ে বিস্ফোরণ হয়। যার সঙ্গে যুক্ত ছিল বর্জ্য থেকে তৈরি মিথেন গ্যাস।

২০১৩ সালে পরিসংখ্যান রাখা শুরুর পর থেকে এটি গবাদি পশুর খামারের সবচেয়ে মারাত্মক আগুন বলে জানিয়েছে বিবিসি।

ওই বছর থেকে প্রায় ৬৫ লাখ খামারের প্রাণী আগুনে মারা গেছে, যার মধ্যে প্রায় ৬০ লাখ মুরগি ও সাত হাজার ৩০০টি গরু।

২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে মৃতের সংখ্যা প্রায় ৩০ লাখ। এর মধ্যে ছয়টি ঘটনায় ১৭ লাখ ৬০ হাজার মুরগি মারা যায়।