দক্ষিণ আমেরিকা ও অ্যান্টার্কটিকার মাঝামাঝি ড্রেক প্রণালীতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৫। স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ১০টা ১৬ মিনিটে আঘাত হানে। এটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০.৮ কিলোমিটার (প্রায় ৬.৭ মাইল) গভীরে। তবে এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা নেই বলে জানিয়েছে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার। যদিও এর আগে তারা চিলির উপকূলীয় এলাকায় স্বল্প সময়ের জন্য সুনামি সতর্কতা জারি করেছিল। খবর রয়টার্স।

গণমাধ্যমটি বলছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল ড্রেক প্রণালীতে, যা দক্ষিণ আমেরিকা ও অ্যান্টার্কটিকার মধ্যে অবস্থিত একটি প্রায় ৫০০ মাইল চওড়া উত্তাল সাগরপ্রণালী, যা আটলান্টিক ও প্যাসিফিক মহাসাগরের সংযোগস্থল হিসেবে পরিচিত। চিলির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা সেনাপ্রেড ভূমিকম্পটিকে মধ্যম মাত্রার বলে বর্ণনা করেছে এবং অ্যান্টার্কটিক অঞ্চলের জন্য সতর্কতামূলক সতর্কতা জারি করেছে। চিলির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, দক্ষিণ আমেরিকার মূল ভূখণ্ডের সর্বদক্ষিণের অঞ্চল মাগায়ানেস এর জন্য কোনো ঝুঁকি নেই।

চিলির নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক ও ওশানোগ্রাফিক সার্ভিস এক বুলেটিনে জানিয়েছে, ভূমিকম্পের পর তাদের অ্যান্টার্কটিক অঞ্চলের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। কেন্দ্রটি ছিল ওই অঞ্চলের ফ্রেই বেস থেকে প্রায় ২৫৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে।