অস্ট্রেলিয়ার বিমান সংস্থা কোয়ানটাসের ৫৭ লাখ গ্রাহকের তথ্য অনলাইনে ফাঁস করেছে হ্যাকাররা। দাবি করা অর্থ না দেয়ায় তারা এসব তথ্য প্রকাশ করে। আজ রোববার এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।
গত জুলাই মাসে কোয়ানটাসসহ ডিজনি, গুগল, আইকিয়া, টয়োটা, ম্যাকডোনাল্ডস, এয়ার ফ্রান্স ও কেএলএমের মতো বড় প্রতিষ্ঠানগুলো একই ধরনের সাইবার হামলার শিকার হয়। ক্লাউড সেবা প্রদানকারী সেলসফোর্সের সফটওয়্যারে হামলা চালিয়ে গ্রাহকদের তথ্য হাতিয়ে নেয় হ্যাকাররা। এসব বিমান পরিবহন প্রতিষ্ঠান সেলসফোর্সের তৈরি সফটওয়্যার ব্যবহার করত।
এ সময় চুরি হওয়া তথ্য ফাঁস না করার বিনিময়ে হ্যাকাররা অর্থ দাবি করে এবং এজন্য ১০ অক্টোবর সময়সীমা বেঁধে দেয়। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি না মানায় হ্যাকাররা তথ্য ফাঁস করে।
কোয়ানটাস জানিয়েছে, হামলার সময় তাদের একটি গ্রাহক যোগাযোগ কেন্দ্র হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়। চুরি হওয়া তথ্যে ছিল গ্রাহকদের নাম, ইমেইল, ফোন নম্বর ও জন্মদিনের তথ্য।
তবে সেলসফোর্স জানিয়েছে, নতুন করে কোনো তথ্য চুরি হয়নি। এছাড়া ফাঁস হওয়া তথ্যে আর্থিক কোনো ঝুঁকি নেই। প্রতিষ্ঠানটি বলেছে, ক্রেডিট কার্ড, পাসপোর্ট বা ব্যাংকসংক্রান্ত তথ্য নিরাপদ আছে। তারা আদালতের নিষেধাজ্ঞা চেয়ে নিউ সাউথ ওয়েলস আদালতে মামলা করেছে।
তবে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ট্রয় হান্ট মনে করেন, আদালতের নিষেধাজ্ঞা এ তথ্য ফাঁস ঠেকাতে পারবে না।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, হামলার পেছনে রয়েছে স্ক্যাটার্ড ল্যাপসাস হান্টার্স নামের সাইবার অপরাধী চক্র। সাম্প্রতিক এসব ঘটনায় অস্ট্রেলিয়ায় ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিয়ে উদ্বেগ বেড়েছে।










