তুরস্কের উত্তর-পশ্চিমের একটি জনপ্রিয় স্কি রিসোর্টে মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে একটি ১২-তলা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭৬ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে অন্তত দু'জন আগুন থেকে বাঁচতে ভবন থেকে লাফিয়ে পড়ে মারা যান বলে কর্মকর্তারা জানিয়েছেন। খবর এপি।
তুরস্কের বোলু প্রদেশের কোরোগলু পাহাড়ের কার্টালকায়ায় অবস্থিত গ্র্যান্ড কার্টাল হোটেলে এই অগ্নিকাণ্ডে আহতের সংখ্যা অন্তত ৫১ জন বলে জানান তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া। ঘটনাস্থল ইস্তাম্বুল থেকে প্রায় ৩০০ কিলোমিটার (১৮৫ মাইল) পূর্বে অবস্থিত। স্কুলের দুই সপ্তাহের শীতকালীন ছুটির শুরুতে যখন অঞ্চলটির হোটেলগুলো অতিথিতে পূর্ণ থাকে, এমন সময়ে এই দুর্ঘটনা ঘটেছে।
আলি ইয়ারলিকায়া এক্স-এ বলেন, কার্তালকায়া স্কি রিসোর্টে কাঠের তৈরি ১২ তলা হোটেলে স্থানীয় সময় রাত ৩টা ২৭ মিনিটে আগুন লেগে যায়। পাহাড়ের চূড়ায় অবস্থিত গ্র্যান্ড কার্তাল নামের হোটেলটিতে মধ্যরাতে রেস্তোরাঁর অংশে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।
আলি ইয়ারলিকায়া সাংবাদিকদের বলেন, আমাদের হৃদয় ভেঙে গেছে। আমরা শোকে নিমজ্জিত। কিন্তু আপনারা জেনে নিন, যারা এই কষ্টের জন্য দায়ী তারা বিচারের হাত থেকে রেহাই পাবে না।
ইয়ারলিকায়া জানান, নিহত ৭৬ জনের মধ্যে ৪৫ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং অন্যদের শনাক্তকরণের কাজ চলছে। তিনি আরো জানান, জরুরি সেবা দলগুলো বুধবার চূড়ান্ত অনুসন্ধান চালাবে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী কেমাল মেমিসওগ্লু বলেন, আহতদের মধ্যে অন্তত একজনের অবস্থা গুরুতর। এছাড়া, ১৭ জনকে চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। টেলিভিশন ফুটেজে হোটেলের পিছনে তুষারাবৃত পাহাড়ের সঙ্গে আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এ সময় হোটেলটিতে ২৩৪ জন অবস্থান করছিলেন। এদের মধ্যে শতকরা ৮০ থেকে ৯০ শতাংশ বর্তমানে স্কুল বন্ধ থাকায় অবকাশ কাটাতে সেখানে এসেছিল।










