চার বছর স্বেচ্ছা নির্বাসনের পর দেশে ফিরেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এই চার বছর তিনি যুক্তরাজ্যে স্বেচ্ছা-নির্বাসনে ছিলেন। নওয়াজের এই ফিরে আসা দেশটিতে আগামী বছরের শুরুতে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে তার রাজনীতিতে প্রত্যাবর্তন হিসেবেই দেখা হচ্ছে।
আজ শনিবার (২১ অক্টোবর) বিকালে একটি ফ্লাইটে তিনি দুবাই থেকে ইসলামাবাদে অবতরণ করেন। এসময় তাকে স্বাগত জানানে ইসলামাবাদ বিমানবন্দরে উপস্থিত ছিলেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের শীর্ষ নেতারা। এদিকে দুবাই থেকে বিমানে ওঠার আগে নওয়াজ শরীফ বলেন, পাকিস্তানে ফিরতে পারায় তিনি অত্যন্ত খুশি।
পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) জ্যেষ্ঠ নেতা খাজা মোহাম্মদ আসিফ বলেন, নওয়াজের ফিরে আসাটা পাকিস্তানের অর্থনীতি ও জনগণের জন্য ভালো কিছু করতে সাহায্য করবে।
পিএমএল-এন এর আইন শাখা বলছে, নওয়াজকে এখনই জেলে যেতে হবে না। কারণ বৃহস্পতিবার তাকে সাময়িক স্বস্তি দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। অ্যাভেনফিল্ড এবং আল-আজিজিয়া দুর্নীতি মামলায় নওয়াজকে ২৪ অক্টোবর পর্যন্ত জামিন দেওয়া হয়েছে।
এর আগে ২০১৭ সালে সুপ্রিম কোর্ট তাকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করে প্রধানমন্ত্রীর পদে অযোগ্য ঘোষণা করেছিলেন। সেময় দুটি পৃথক দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে ৭ এবং ১০ বছরের কারাদণ্ড পাওয়ার পর নওয়াজ শরীফ এক বছরেরও কম সময় কারাগারে কাটান।
পরবর্তীতে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে চলে যান তিনি। এরপর থেকে তিনি সেখানেই স্বেচ্ছা-নির্বাসনে ছিলেন।









