রাশিয়ার রাজধানী মস্কোয় একটি কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন, এ ঘটনায় আহত হয়েছেন আরো শতাধিক মানুষ। স্থানীয় সময় শুক্রবার (২২ মার্চ) রাতে মস্কোর উত্তর প্রান্তে ক্রোকাস সিটি হলে এ হামলা হয়।

রুশ বার্তা সংস্থা তাসের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে,  অনুষ্ঠানে ঢুকে পাঁচজন বন্দুকধারী এ হামলা চালায়। প্রথমে গুলিবর্ষণের পর সেখানে গ্রেনেড নিক্ষেপ করা হয়। এর ফলে হলটিতে আগুন ধরে যায়।

হামলার সময় হলটিতে একটি ব্যান্ডের পরিবেশনার প্রস্তুতি চলছিল। ওই হলে ৯ হাজারের বেশি মানুষের বসার ব্যবস্থা রয়েছে। রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা জানিয়েছে, হামলায় অন্তত ৪০ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন।

হামলার খবর জানার পর সেখানে ৭০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয় বলে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একে সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, এখন পর্যন্ত এ হামলায় ইউক্রেন বা ইউক্রেনীয়দের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।