ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তিনি বলেছেন, এই যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদি শান্তি নিশ্চিত করতে হবে এবং সংঘাতের মূল কারণগুলো সমাধান করতে হবে। এ জন্য আরো আলোচনা প্রয়োজন। বৃহস্পতিবার (১৩ মার্চ) ক্রেমলিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পুতিন এ মন্তব্য করেন। খবর রয়টার্স।

তিন বছর ধরে চলা এই সংঘাত বন্ধে সম্প্রতি মস্কোর প্রতি ‘শর্তহীন’ যুদ্ধবিরতির দাবি জানিয়ে আসছে ওয়াশিংটন। এরই ধারাবাহিকতায় ইউক্রেনে ৩০ দিনের যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা রাশিয়ায় অবস্থান করছেন এবং তাদের পরিকল্পনা উপস্থাপন করেছেন।

রয়টার্স বলছে, গত বুধবার হোয়াইট হাউজে ট্রাম্প বলেছেন, তিনি আশা করছেন রাশিয়া যুক্তরাষ্ট্রের ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেবে। ইউক্রেন ইতোমধ্যে এই প্রস্তাবে সমর্থন জানিয়েছে। পুতিন ট্রাম্পের এ প্রচেষ্টার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, এ ধারণাটি সঠিক এবং আমরা অবশ্যই এটিকে সমর্থন করি। তবে কিছু বিষয়ে আলোচনা প্রয়োজন। আমরা মনে করি, আমাদের আমেরিকান সহকর্মীদের সঙ্গেও কথা বলতে হবে। রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, তিনি ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলে এই ইস্যুতে আলোচনা করতে পারেন।

পুতিনের এ বক্তব্য যুদ্ধবিরতির সম্ভাবনা উজ্জ্বল করেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু যুদ্ধবিরতি যথেষ্ট নয়। ইউক্রেন সংকটের মূল কারণগুলো সমাধান করতে হবে। এর মধ্যে রয়েছে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা, ন্যাটোর সম্প্রসারণ এবং রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সম্পর্ক পুনর্গঠন।