পূর্ণশক্তি নিয়ে গাজায় আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে ইরানের সঙ্গে উত্তেজনা দেখা দিয়েছে। আগামী দুইদিনে ইরান ইসরায়েলে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলা চালালে ইরানকে শক্ত জবাব দেয়ার ইঙ্গিত দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
টাইমস অব ইসরায়েলের খবর অনুযায়ী, এফ-১৫ ফাইটার জেট ঘাঁটিতে ইসরায়েলি সামরিক পাইলটদের উদ্দেশে দেওয়া ভাষণে নেতানিয়াহু বলেন, ‘আমরা চ্যালেঞ্জিং সময়ে রয়েছি, আমরা গাজায় একটি যুদ্ধের মধ্যে রয়েছি, যা পুরোদমে চলছে।’ ইরানের সম্ভাব্য হামলার প্রেক্ষিতে তিনি বলেন, ‘ইসরায়েলি সেনাবাহিনী অন্যান্য ফ্রন্ট থেকে চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিচ্ছে’।
তিনি আরো বলেন, আমাদের নীতি হচ্ছে যারা আমাদের আঘাত করবে, আমরা তাদের পাল্টা আঘাত করব।
এর আগে ইরান আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই ইসরায়েলে হামলা চালাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলা পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হতে পারে। ইহুদি রাষ্ট্রের দক্ষিণ বা উত্তর অংশকে লক্ষ্যবস্তু করতে পারে ইরান। তবে ইরান সরকারের সঙ্গে ঘনিষ্ঠ একজন ব্যক্তি জানান, হামলার পরিকল্পনা সম্পর্কে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। অবশ্য হামলা নিয়ে দেশটির নেতাদের মধ্যে আলোচনা হয়েছে।
প্রসঙ্গত, ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের সশস্ত্র বাহিনীর ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের কয়েকজন কর্মকর্তাসহ ১৩ জন নিহত হন। এই হামলার জন্য ইসরায়েলকে করছে ইরান। যদিও ইসরায়েল এই হামলায় দায় স্বীকার করেনি। তবে হামলার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।










