ফিলিস্তিনের দক্ষিণ গাজা থেকে সৈন্য সংখ্যা কমিয়েছে ইসরায়েল। অঞ্চলটিতে তারা মাত্র একটি ব্রিগেড রেখে গেছে।

রোববার (৭ এপ্রিল) ইসরায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পিটার লার্নার বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে যুদ্ধবিরতি নিয়ে নতুন আলোচনার জন্য মিসরের কায়রোতে ইসরায়েল ও হামাস উভয় পক্ষই প্রতিনিধিদল পাঠিয়েছে।

ইসরায়েল সেনাবাহিনী ফিরিয়ে নেয়ার পর ফিলিস্তিনিরা ধ্বংসস্তুপে পরিণত হওয়া বাড়িঘরে ফিরতে শুরু করেছেন।

গত বছরের ৭ অক্টোবর হামাসের আক্রমণের প্রতিক্রিয়ায় সেদিনই ইসরায়েল হামলা শুরু করার পর রোববার ৬ মাস পূর্ণ হয়েছে। হামাসের হামলায় ১ হাজার ২০০ জন নিহত ও ২৫০ এর বেশি মানুষকে জিম্মি করা হয়।

ইসরায়েল বলেছে, গাজায় ১৩০ জন জিম্মি এখনো রয়ে গেছে। জিম্মিদের মধ্যে কমপক্ষে ৩৪ জন মারা গেছেন।

অন্যদিকে ইসরায়েলের হামলায় গাজায় ৩৩ হাজারের বেশি মানুষ মারা গেছেন। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।