যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মার্কো রুবিও। সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের পরপরই তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সিনেট। রুবিও কট্টর চীনবিরোধী ও ইসরায়েলের ঘোর সমর্থক হিসেবে পরিচিত।

২০১১ সাল থেকে ফ্লোরিডা অঙ্গরাজ্যের সিনেটর ছিলেন রুবিও। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৭০ হাজারের বেশি কর্মকর্তা তার অধীনে কাজ করবেন।

দায়িত্ব গ্রহণের পর ৫৩ বছর বয়সী রুবিও বলেছেন, ‘যুক্তরাষ্ট্র একটি নতুন যুগের দিকে এগিয়ে যাচ্ছে। এটি বিশ্বকে আরো নিরাপদ একটি স্থানে পরিণত করবে। ডোনাল্ড ট্রাম্প এটা স্পষ্টভাবে বলেছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল উদ্দেশ্য হবে শান্তি প্রতিষ্ঠা করা।’

গত ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে জয় পান রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় বসার আগেই রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী করার ঘোষণা দেন তিনি। গতকাল তার নিয়োগ চূড়ান্ত হয়।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে রিপাবলিকান পার্টির প্রাইমারিতে তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লড়াই করে হেরে যান। সেই রুবিওকেই পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নেন ট্রাম্প।