ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রকে তার দেশের বিরুদ্ধে ‘যুদ্ধাবস্থা তৈরির’ অভিযোগ করেছেন। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ভেনেজুয়েলার দিকে অগ্রসর হওয়ার ঘটনায় তিনি এ অভিযোগ করেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এ অঞ্চলে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। এটিকে ভেনেজুয়েলার সরকার উৎখাতের চেষ্টা সম্পর্কিত প্রচেষ্টা বলেও অনুমান করা হচ্ছে। খবর আল জাজিরা।
মাদুরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একটি নতুন চিরস্থায়ী যুদ্ধ পরিস্থিতি গড়ে তুলছে।’ কারণ ৯০টি যুদ্ধ বিমান ও হেলিকপ্টার বহন করতে সক্ষম রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, ভেনেজুয়েলার দিকে এগোচ্ছে। তিনি যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে অতিরঞ্জিত, অপরাধমূলক ও সম্পূর্ণ ভুয়া হিসেবে বর্ণনা করেছেন। অবশ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরোর বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে তিনি ‘ট্রেন দে অরাগুয়া’ নামক একটি সংগঠিত অপরাধ চক্রের নেতা। যদিও এ অভিযোগের কোনো প্রমাণ দেখাননি ট্রাম্প।
এ ঘটনায় উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ট্রাম্প জানিয়েছেন, তিনি ভেনেজুয়েলায় সিআইএর অভিযান অনুমোদন করেছেন এবং সম্ভাব্য দেশটির ড্রাগ কার্যক্রমকে লক্ষ্যবস্তু বানিয়ে স্থল হামলার কথাও ভাবছেন। গত ২ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ১০টি নৌযানে বোমা হামলা করেছে। এর মধ্যে আটটি হামলা ক্যারিবীয় অঞ্চলে হয়েছে। এই হামলায় অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে।
জাতিসংঘের কর্মকর্তা এবং আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলেছেন, যুক্তরাষ্ট্রের এসব হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং বিচারবহির্ভূত হত্যার সমতুল্য।










