রাশিয়ার রাজধানী মস্কোর নিকটবর্তী এলাকার কনসার্ট হলে হামলায় আইএস হামলার
দায় স্বীকার করেছে বলে জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা।
তারা
বলেন, সতর্কীকরণ নীতি অনুযায়ী সাম্প্রতিক সপ্তাহগুলোতে
হামলার ব্যাপারে
রাশিয়াকে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউস জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বলেন, মার্কিন সরকারের কাছে মস্কোতে সাম্ভাব্য বড় সমাবেশগুলোকে লক্ষ্য করে একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলার তথ্য ছিল। এ কারণে রাশিয়ায় অবস্থান করা আমেরিকান নাগরিকদের সতর্কও করা হয়েছিল বলে জানান তিনি।
শুক্রবার মস্কোর ক্রাসনোগোরস্ক এলাকার ক্রোকাস সিটি হলে রুশ ব্যান্ড দল পিকনিকের কনসার্ট উপভোগ করতে জড়ো হয়েছিলেন শত শত মানুষ। কনসার্ট শুরু হওয়ার কিছুক্ষণ আগে অডিটোরিয়ামে কয়েকজন বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালানো শুরু করে। কাছাকাছি সময়ে ওই ভবনে বোমা বিস্ফোরণও হয়। হামলার ঘটনায় এখন পর্যন্ত ৬০ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে।
জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটির মুখপাত্র আমাক এজেন্সি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে মস্কোতে হামলার দায় স্বীকার করে পোস্ট করেছে।










