১০৩ বছর বয়সে মারা গেলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী
নুরেমবার্গ ট্রায়ালের শেষ জীবিত প্রসিকিউটর বেন ফেরেনজ। মাত্র ২৭ বছর বয়সে যুদ্ধাপরাধ
ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য ২২ জন নাৎসি অফিসারকে দোষী সাব্যস্ত করেন তিনি। খবর
বিবিসি।
পরবর্তীতে যুদ্ধাপরাধের বিচারের জন্য
একটি আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠার পক্ষে আওয়াজ তোলেন ফেরেনজ। যা ২০০২ সালে বাস্তবায়িত
হয়।
গত ৭ এপ্রিল সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের
ফ্লোরিডায় বেন ফেরেনজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছে ইউএস হলোকাস্ট
মিউজিয়াম।
১৯২০ সালে রোমানিয়া অংশের ট্রান্সিলভানিয়ায়
জন্মগ্রহণ করেছিলেন বেন ফেরেনজ। পরে তার পরিবার অ্যান্টি-সেমেটিক আক্রমণ থেকে নিরাপত্তা
পেতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থিতু হয়। ১৯৪৩ সালে হার্ভার্ড ল স্কুল থেকে স্নাতক
শেষ করে মার্কিন সেনাবাহিনীতে তালিকাভুক্ত সদস্য হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেন।
তিনি সার্জেন্ট পদে উন্নীত হন এবং পরে নাৎসি যুদ্ধাপরাধের তদন্ত ও প্রমাণ সংগ্রহের
দায়িত্বপ্রাপ্ত একটি দলে যোগ দেন।
ওই সময় বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেন।
স্বচক্ষে যা দেখেছিলেন, কখনো ভুলতে পারেননি। তার ভাষ্যে, ডায়রিয়া, আমাশয়, টিবি, টাইফয়েড,
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন এমন মানুষের কঙ্কালের স্তূপ পড়েছিল চারদিকে। কারো
আবার তখনো চোখ দুটি খোলা। স্পষ্ট অসহায় আর্তির ভাব সেখানে।
তিনি বলেন, যুদ্ধাপরাধের তদন্তে নেমে
যে অভিজ্ঞতা হয়েছিল, তার ধাক্কা আমাকে পুরোপুরি বিপর্যস্ত করে ফেলে। পারতপক্ষে এখনো
এই ব্যাপারে কম কথা বলি।
যুদ্ধের পর তিনি আইন পেশায় অনুশীলনের
জন্য নিউইয়র্কে ফিরে আসেন বেন ফেরেনজ। এর কিছুদিন পরই নুরেমবার্গ ট্রায়ালে নাৎসিদের
বিচার কাজে সাহায্য করার জন্য নিয়োগ করা হয়। তবে এ বিষয়ে তার পূর্ব কোনো অভিজ্ঞতা
ছিল না। ওই সময় বিচারে ২২ জনের সবাইকে দোষী সাব্যস্ত করা হয়। ১৩ জনকে মৃত্যুদণ্ড দেয়া
হলেও শেষ পর্যন্ত চারজনের ক্ষেত্রে বাস্তবায়িত হয়।
জার্মানসহ ছয়টি ভাষায় সাবলীল ফেরেনজ
বিচারে পর পশ্চিম জার্মানিতে থেকে যান। নতুন সরকারের কাছ থেকে ইহুদিদের ক্ষতিপূরণ পেতে
সহায়তা করেছিলেন।
ফেরেনজের সরব ভূমিকায় ২০০২ সালে নেদারল্যান্ডসের
দ্য হেগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) প্রতিষ্ঠিত হয়। তবে যুক্তরাষ্ট্রসহ বেশ
কয়েকটি বড় দেশ এতে যুক্ত না হওয়ায় কার্যকারিতা সীমিত রয়েছে।
ফেরেনজ এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
শৈশব থেকে তার আজীবনের সঙ্গী স্ত্রী গার্ট্রুড ফ্রাইড মারা যান ২০১৯ সালে।










