উত্তর কোরিয়া প্রথমবারের মতো নির্মাণাধীন একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন সম্পর্কে জানিয়েছে। অস্ত্র ব্যবস্থা হিসেবে এটি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের নিরাপত্তা হুমকি সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। খবর এপি।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) শনিবার (৮ মার্চ) কিছু ছবি প্রকাশ করেছে। ছবিগুলো সম্পর্কে বলা হয়েছে যে এটি ‘পারমাণবিক শক্তিচালিত কৌশলগত নির্দেশিত ক্ষেপণাস্ত্রযুক্ত সাবমেরিন’।
সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন যুদ্ধজাহাজ নির্মাণকারী প্রধান শিপইয়ার্ডগুলো পরিদর্শন করেছেন। কেসিএনএ সাবমেরিনটির বিষয়ে বিস্তারিত তথ্য না দিলেও কিম জং উনকে এর নির্মাণ সম্পর্কে তথ্য দেয়ার বিষয় উল্লেখ করেছে।
দক্ষিণ কোরিয়ার সাবমেরিন বিশেষজ্ঞ মুন কিউন-সিক বলেন, সাবমেরিনটি ৬ হাজার থেকে ৭ হাজার টন ওজনের বলে মনে হচ্ছে। আর এটি প্রায় ১০টি ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম।
তিনি আরো বলেন, কৌশলগত নির্দেশিত ক্ষেপণাস্ত্র” টার্মটির মাধ্যমে সাবমেরিনটি যে পারমাণবিক অস্ত্র বহনের জন্য তৈরি করা হয়েছে তা বোঝানো হয়েছে। সাবমেরিনটি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের জন্য গুরুতর হুমকির কারণ হতে পারে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজ বলেন, তারা উত্তর কোরিয়ার সাবমেরিন সম্পর্কিত দাবির বিষয়ে অবগত। তবে বর্তমানে এর বেশি তথ্য দেয়ার মতো কিছু নেই।










