তোসাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট। একই সঙ্গে তার স্ত্রী বুশরা বিবির সাজাও স্থগিত করা হয়েছে। স্থানীয় সময় সোমবার (১ এপ্রিল) ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক ও বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব ইমরানের আপিলের শুনানিতে রায় স্থগিতের আদেশ দেন। খবর ডন।

আদালতে ইমরানের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার আলি জাফর। এ সময় পাকিস্তানের অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর প্রসিকিউটর আমজাদ পারভেজ আদালতে উপস্থিত ছিলেন। 

ব্যারিস্টার আলি জাফর বলেন, রাষ্ট্রীয় উপহার (তোসাখানা) বেচাকেনার মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে দেয়া ১৪ বছরের কারাদণ্ড স্থগিত করেছেন দেশটির ইসলামাবাদ হাইকোর্ট। কারাদণ্ড স্থগিত হলেও এখনই তাদের মুক্তি মিলছে না। অন্য মামলায় সাজা বহাল থাকায় তাদের জেল হাজতেই থাকতে হবে।

প্রসঙ্গত, সাধারণ নির্বাচনের কয়েক দিন আগে গত ৩১ জানুয়ারি ইসলামাবাদের জবাবদিহি আদালত এই দুজনকে এ সাজা দেন। পরদিনই নিয়মবহির্ভূতভাবে বিয়ে (বুশরার ইদ্দত পূর্ণ না হওয়া) করার এক মামলায় প্রত্যেককে সাত বছর করে কারাদণ্ড দেন আরেকটি আদালত।

এর আগে ৩০ জানুয়ারি কূটনৈতিক তারবার্তা (সাইফার) ফাঁসের মামলায় রাষ্ট্রীয় গোপনীয়তা আইনের অধীন গঠিত বিশেষ আদালত ইমরান খান ও তাঁর সরকারের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়।