স্থিতিশীল সম্পর্কের জন্য যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে সংলাপ চালিয়ে যাওয়া প্রয়োজন বলে মনে করেন মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলে। তিনি বলেন, সংলাপ চালিয়ে নেয়ার মানসিকতা গত বছরে দুই অর্থনৈতিক পরাশক্তিকে আরো স্থিতিশীল ভিত্তির কাছে নিয়ে এসেছে। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে মার্কিন অর্থমন্ত্রী এসব কথা বলেন। অন্যদিকে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বলেন, ‘দুই দেশ পরস্পরকে সম্মান করার পাশাপাশি একে অন্যকে প্রতিপক্ষ নয় বরং অংশীদার হিসেবে দেখা উচিত।’ খবর রয়টার্স ।

বৈঠকের শুরুতে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আশাবাদী মনোভাব ব্যক্ত করেছেন। মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেন, ‘ওয়াশিংটন ও বেইজিংকে দায়িত্বশীলতার সঙ্গে তাদের জটিল সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে হবে। যদিও আমাদের আরো অনেক কিছু করার আছে, তবে আমি বিশ্বাস করি গত বছরে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো স্থিতিশীল ভিত্তির ওপর দাঁড় করানো সম্ভব হয়েছে। এর অর্থ আমরা নিজেদের মতপার্থক্যকে উপেক্ষা করেও সংলাপ চালিয়ে যেতে পেরেছি। সম্পর্কের অগ্রগতি অর্জনে একে অপরের সঙ্গে সরাসরি আলোচনা করাটাই সবচেয়ে বেশি জরুরি।’

নয় মাসের মধ্যে মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেনের দ্বিতীয় চীন সফরের সময় চীনের বিদ্যুৎচালিত গাড়ি, সৌর প্যানেল এবং অন্যান্য ক্লিন এনার্জির পণ্যগুলোর অতিরিক্ত উৎপাদন বিষয়ে আলোচনা করেছেন। 

এর আগে বাণিজ্য উত্তেজনা, নিষেধাজ্ঞা ও তাইওয়ানের প্রশ্নে সৃষ্ট তীব্র উত্তেজনার পর দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টায় মার্কিন অর্থমন্ত্রী ২০২৩ সালের জুলাইয়ে বেইজিং সফর করেছিলেন।