চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) উল্লেখযোগ্যভাবে বেড়েছে ভারতীয় বড় ব্যাংকগুলোর করপোরেট ঋণ বিতরণ। সংশ্লিষ্টরা বলছেন, নতুন বিনিয়োগ প্রকল্প, মূলধনি চাহিদা ও শক্তিশালী করপোরেট সম্পর্কের কারণে সর্বশেষ এক বছরের তুলনায় উল্টো প্রবণতা দেখা যাচ্ছে খাতটিতে। খবর দ্য হিন্দু।
অ্যাক্সিস ব্যাংকের নির্বাহী পরিচালক সুব্রত মহান্তি বলেন, ‘সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে করপোরেট ঋণের মূল্য নির্ধারণে সতর্ক ছিল ব্যাংক। তবুও ঋণ দেয়ার ক্ষেত্রে এ সময় ভালো কিছু সুযোগ তৈরি হয়েছে। এ প্রবণতা টেকসই হবে, এমন প্রত্যাশাও দেখা যাচ্ছে।’
তিনি বলেন, ‘দ্বিতীয় প্রান্তিকে আমরা কয়েকটি ভালো সুযোগ পেয়েছি, যা আগে পাইনি। ফলে প্রবৃদ্ধির হার কিছুটা বেশি মনে হচ্ছে। তবে সামগ্রিকভাবে আমরা হোলসেল খাতে ভালো সুযোগ দেখছি। বিশেষ করে কিছু খাতে, যেখানে গ্রাহকরা নতুন বিনিয়োগের দিকে এগোচ্ছে এবং আমাদের সঙ্গে তাদের সম্পর্ক মজবুত।’
অ্যাক্সিস ব্যাংকের করপোরেট ঋণ এক বছরে ২০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৪৯ হাজার কোটি রুপি, যা আগের দুই প্রান্তিকের ৮-৯ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় অনেক বেশি।
ব্যাংক অব ইন্ডিয়ার এমডি ও সিইও রাজনিশ কর্ণাটক জানান, দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির করপোরেট ঋণ ১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪৯ হাজার কোটি রুপিতে, যেখানে আগের প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল মাত্র ৪ শতাংশ।
এইচডিএফসি ব্যাংকের প্রধান আর্থিক কর্মকর্তা শ্রীনিবাসন বৈদ্যনাথন জানান, অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটি করপোরেট ঋণ ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৪১ হাজার কোটি রুপিতে, যা প্রথম প্রান্তিকের (এপ্রিল-জুন) ২ শতাংশ প্রবৃদ্ধি ও ২০২৫ অর্থবছরের শেষ প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) ৪ শতাংশ হ্রাসের তুলনায় স্পষ্টত বেশি।










