পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এমন একটি
নতুন আন্ডারওয়াটার ড্রোন পরীক্ষার দাবি করেছে উত্তর কোরিয়া। আজ শনিবার (৮ এপ্রিল) সকালে
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বিষয়টি জানানো হয়। খবর সিএনএন।
ড্রোনটিকে ‘হায়েল-২ আনম্যানড
আন্ডারওয়াটার নিউক্লিয়ার অ্যাটাক বোট’ হিসেবে উল্লেখ
করেছে পিয়ংইয়ং। রাষ্ট্রায়াত্ত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, ৪-৭
এপ্রিলের মাঝে এই মনুষ্যবিহীন ডুবোযানের পরীক্ষা চালানো হয়।
গত ৬ এপ্রিল বিকালে পরীক্ষামূলক যুদ্ধাস্ত্রটি
বিস্ফোরিত হওয়ার আগে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে পানির নিচে ৭১ ঘন্টারও বেশি সময়
ধরে ভ্রমণ করেছিল।
এক সপ্তাহের মাঝে এই নিয়ে দ্বিতীয়বার পারমাণবিক
ড্রোন পরীক্ষার কথা জানাল উত্তর কোরিয়া। এর আগে বলেছিল ‘হায়েল-১’ ড্রোনটি বহন
করা অস্ত্র ‘রেডিওঅ্যাকটিভ সুনামি’ তৈরিতে সক্ষম।
সর্বশেষ পরীক্ষা নিয়ে কেসিএনএ জানায়, পানির
নিচের এ কৌশলগত অস্ত্র নির্ভরযোগ্য ও আঘাত হানতে পুরোপুরি সক্ষম বলে প্রমাণিত হয়েছে।
এর আগে ২১ মার্চ দেশটির নেতা কিম জং উন
পানির নিচে পারমাণবিক কৌশলগত অস্ত্রের পরীক্ষার জন্য নির্দেশ দিয়েছিলেন বলে জানাচ্ছে
দেশটির সংবাদ সংস্থা।
পিয়ংইয়ংয়ের দাবি, তারা ২০১২ সাল থেকে
পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ড্রোন তৈরি করছে এবং গত দুই বছরে অর্ধ শতাধিক পরীক্ষা
চালিয়েছে।
অবশ্য বিশ্লেষকরা উত্তর কোরিয়ার দাবির
ওপর সন্দেহ প্রকাশ করেছেন। দেশটি এর আগেও সামরিক সক্ষমতা নিয়ে অতিরঞ্জিত তথ্য দিয়েছিল।
এর আগে গত মার্চে উত্তর কোরিয়ার পরমাণু
ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় সফল হয়েছে বলে দাবি করে।










