উত্তর কোরিয়া পুনরায় পানির অভ্যন্তরে পারমাণবিক হামলার উপযোগী ড্রোন পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন করতেই এ ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছে কিম জং উনের বাহিনী। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএর তথ্যানুযায়ী, ৪ থেকে ৭ এপ্রিল এ নিয়ে দ্বিতীয়বারের মতো এ পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয়বারের মতো চালানো পরীক্ষায় ব্যবহার করা হয়েছে হায়েল-২ নামের পারমাণবিক আক্রমণ সক্ষমতার একটি ড্রোন। এর আগে দেশটি হায়েল-১ নামের ড্রোন পরীক্ষা চালিয়েছিল। কোরিয়ান ভাষায় হায়েল অর্থ সুনামি। বিস্ফোরণের আগে ড্রোনটি ৭১ ঘণ্টা ৬ মিনিটে এক হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করে। এর মাধ্যমে পানির নিচে কৌশলগত অস্ত্র ব্যবহারে উত্তর কোরিয়ার বিধ্বংসী সক্ষমতা প্রমাণিত হয়েছে। 

কেসিএনএর প্রতিবেদনে প্রকাশিত ছবিতে একটি বড়, কালো রঙের টর্পেডো আকৃতির বস্তু এবং সমুদ্রপৃষ্ঠে দৃশ্যমান বস্তুর পানির নিচে ছুটে চলা এবং বিস্ফোরণের চিহ্ন দেখা গেছে। যদিও নতুন এ অস্ত্র পুরোপুরি প্রস্তুত কিনা, সেটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। তবে এ ধরনের সক্ষমতা যে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে সহায়ক হবে সেটি নিঃসন্দেহেই বলা যায়।

উত্তর কোরিয়া কয়েক মাস ধরে নিয়মিতভাবে বিভিন্ন অস্ত্রের পরীক্ষা চালিয়ে আসছে। যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় নিজেদের কার্যক্রম বাড়াচ্ছে। দেশটি সম্প্রতি ছোট আকৃতির নতুন একটি পারমাণবিক বোমা উন্মোচন করেছে এবং একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এ ধরনের অস্ত্র যুক্তরাষ্ট্রের যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম।