ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে কয়েক মাস ধরেই মুখোমুখি অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। দ্বন্দ্ব ক্রমেই বাড়ছে। তবে এবার এতে যোগ দিতে যাচ্ছে জাপান। সাম্প্রতিক এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া এক যৌথ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। উত্তর কোরিয়ার পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র হুমকি প্রতিরোধের জন্য একত্রে কাজ করবে এ ত্রয়ী। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটন ডিসিতে সম্প্রতি অনুষ্ঠিত ১৩তম প্রতিরক্ষা আলোচনায় ত্রিপক্ষীয় প্রতিরক্ষা কার্যক্রমের ঘোষণাটি এসেছে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, কোরিয়ান উপদ্বীপ এবং গুরুত্বপূর্ণ অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করার পাশাপাশি ত্রিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা আরো গভীর করা হবে। বাস্তবসম্মত উপায় নিয়ে পরামর্শ করতেই ঘোষণাটি এসেছে।

তিন দেশের প্রতিনিধিরা উত্তর কোরিয়াকে অবিলম্বে সব অস্থিতিশীল কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি কঠোর হুঁশিয়ারিও জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, উত্তর কোরিয়া যদি পুনরায় পারমাণবিক পরীক্ষা পরিচালনা করে তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে শক্তিশালী এবং দৃঢ় প্রতিক্রিয়া দেখতে পাবে।

উত্তর কোরিয়া সম্প্রতি একটি নতুন সলিড-ফুয়েল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষার কথা জানানোর পরপরই ত্রিপক্ষীয় জোটের এমন ঘোষণা এসেছে।