ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম শহর রিও ডি জেনিরোতে পুলিশের অভিযানে ১৩২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে চার পুলিশ সদস্যও রয়েছেন। জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলনের সঙ্গে সম্পর্কিত কয়েকটি আন্তর্জাতিক অনুষ্ঠানকে সামনে রেখে বড় অপরাধী দলগুলোর বিরুদ্ধে এ অভিযান চালায় দেশটির পুলিশ বাহিনী। খবর রয়টার্স।
রয়টার্স জানিয়েছে, রিওতে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলো সামনে রেখে পুলিশ প্রায়ই অপরাধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বড় ধরনের অভিযান পরিচালনা করে। ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম শহরটি ২০১৬-এর বিশ্ব অলিম্পিক, ২০২৪ সালে জি২০ শীর্ষ সম্মেলন ও চলতি বছরের জুলাইয়ে ব্রিকস সম্মেলনের আয়োজন করেছিল। আগামী সপ্তাহে রিওতে জলবায়ু সংকট মোকাবেলা নিয়ে বিশ্বের প্রধান শহরগুলোর মেয়রদের শীর্ষ সম্মেলন ‘সি৪০’ ও ব্রিটিশ যুবরাজ উইলিয়ামের ‘আর্থশট পুরস্কার’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রিন্স উইলিয়ামের ওই অনুষ্ঠানে পপ তারকা কাইলি মিনোগ এবং ফর্মুলা ওয়ানের চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন সেবাস্তিয়ান ভেটেলের মতো খ্যাতিমানদের উপস্থিত থাকার কথা রয়েছে।
চলতি বছরের ১০-২১ নভেম্বর পর্যন্ত ব্রাজিলের আমাজন নদীতীরবর্তী বন্দর শহর বেলেমে জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন সিওপি৩০ অনুষ্ঠিত হবে। রিও ডি জেনিরোতে অনুষ্ঠানগুলো সিওপি৩০-এর প্রস্তুতির অংশ।
রিওর রাজ্য সরকার মঙ্গলবারের এ অভিযানকে কমান্ডো ভের্মেলহো অপরাধী দলের বিরুদ্ধে চালানো সবচেয়ে বড় অভিযান বলে বর্ণনা করেছে। ব্রাজিলের কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী রিকারদো লেভানদোভস্কি জানিয়েছেন, রিওর রাজ্য কর্তৃপক্ষ এ ‘প্রাণঘাতী’ অভিযানের আগে ফেডারেল সরকারের কাছে কোনো সহায়তা চায়নি। কী ঘটেছে গণমাধ্যমের প্রতিবেদন থেকে তিনি সব জেনেছেন।
অভিযানে কর্তৃপক্ষ ২৫০ জন ফেরারিকে গ্রেফতারের লক্ষ্য নিয়ে নামলেও মাত্র ৮১ জনকে গ্রেফতার করতে পেরেছে বলে রিওর গভর্নর ক্লাউডিও কাস্ত্রো জানিয়েছেন। কথিত মাদক সম্রাট ও তাদের অর্থ পাচার কার্যক্রমের বিরুদ্ধে অভিযানটি পরিচালিত হয়েছে বলে জানিয়েছেন তিনি। সামরিক কায়দায় হওয়া এ অভিযানে বিপুল প্রাণহানির ব্যাপক সমালোচনা করেছে ব্রাজিলের নাগরিক অধিকার গোষ্ঠীগুলো।










