ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করতে মার্কিন ধনকুবের ইলোন মাস্কের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। লেবাননের রাজধানী বৈরুতে গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান দলটির একজন সিনিয়র নেতা ওসামা হামদান। খবর আল জাজিরা।

ওসামা হামদান বলেন, ‘আমরা তাকে আমাদের জনগণের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা ও ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করতে গাজা সফরের আমন্ত্রণ জানাচ্ছি।’

গত ৭ অক্টোবর ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত অবরুদ্ধ উপত্যকাটিতে এ পর্যন্ত ৪০ হাজার টনেরও বেশি বিস্ফোরক নিক্ষেপ করেছে ইসরায়েলি বাহিনী।

এর আগে গত সোমবার ইসরায়েল সফর করেন ইলোন মাস্ক। এর একদিনের মাথায় গতকাল মঙ্গলবার তাকে গাজার গণহত্যা ও ধ্বংসযজ্ঞ পরিদর্শনের আহ্বান জানালো হামাস।

ইসরায়েল সফরে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলোন মাস্ক বলেন, ‘যুদ্ধের পর গাজা উপত্যকার পুননির্মাণে আমি সহযোগিতা করতে চাই। তবে এর আগে ফিলিস্তিনের সব অঞ্চলকে মৌলবাদীদের প্রভাব থেকে মুক্ত করা জরুরি।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎকালে তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ ছড়ানো বন্ধে তার পক্ষে যা কিছু করা সম্ভব, তার সবটুকুই করবেন তিনি।