আলোচনা চাইলে ইউক্রেনের বাসিন্দাদের ওপর দফায় দফায় ব্যালেস্টিক মিসাইল হামলা বন্ধ করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, গত সপ্তাহেই ইউক্রেন ও বাসিন্দাদের ধ্বংস করতে ১ হাজার ৫০টিরও বেশি ড্রোন, প্রায় ১ হাজার ৩০০ বোমা এবং ২০টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।সোমবার (৩ মার্চ) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি।

সাম্প্রতিক এক্স (সাবেক টুইটার) পোস্টে রাশিয়ার বিরুদ্ধে আকাশ-সন্ত্রাস চালানোর অভিযোগ তোলেন জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেইন একটি স্বাভাবিক, নিরাপদ জীবনের জন্য লড়ছে। আমরা যুদ্ধের অবসান চাই। কিন্তু রাশিয়া চায় না। তারা আকাশ সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। আপনারা আলোচনা চাইলে মানুষজনকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু করবেন না। সেই সঙ্গে রাশিয়ার ধ্বংসযজ্ঞ থামাতে ইউক্রেইনের আরো বেশি শক্তিশালী ও বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। সেইসঙ্গে সেনাবাহিনীকে সমর্থন এবং কার্যকর নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যা রাশিয়ান আগ্রাসনের প্রত্যাবর্তনকে অসম্ভব করে তুলবে। বিষয়টির ওপর আমাদের মনোযোগ দিতে হবে। ন্যায় অবশ্যই জয়ী হবে। আমরা ঐক্যের শক্তিতে বিশ্বাসী এবং আমরা অবশ্যই স্থায়ী শান্তি পুনরুদ্ধার করব।

এর আগে গত শুক্রবার রাতে হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকে এক নাটকীয় অভিজ্ঞতার মুখোমুখি হন জেলেনস্কি। ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই রাষ্ট্রনেতার চুক্তি সইয়ের কথা থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে শেষ পর্যন্ত তা হয়নি।

এদিকে এ ঘটনার পরিপ্রেক্ষিতে রাশিয়াও প্রথমবারের মতো ট্রাম্প-জেলেনস্কির ওই বৈঠক নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে এবং জেলেনস্কির কূটনৈতিক দক্ষতার অভাব আছে বলে তার সমালোচনা করেছে।