দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ফলে আগামী কয়েক দিনে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টি-বজ্রপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অফিস বলছে, আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া আগামীকাল সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। এ লঘুচাপটি নিম্নচাপে পরিণত হলে দেশে বৃষ্টি হতে পারে

এর আগে গত ২০ অক্টোবর সাগরে লঘুচাপ সৃষ্টি হয়। সেটি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা থাকলেও পরবর্তীতে সুস্পষ্ট লঘুচাপ হয়ে দুর্বল হয়ে স্থলভাগে চলে যায়।