মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবারো শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। দেশটির পশ্চিমাঞ্চলে নতুন করে আঘাত হেনেছে এ ভূমিকম্প। হেরাত শহরে আঘাত হানা ভূকম্পনটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৩। খবর বিবিসি।

এ ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ভূমিকম্পে আহত শতাধিক মানুষকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হেরাত শহরের খুব কাছাকাছি। গত ৭ অক্টোবর দেশটির একই এলাকায় ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে হাজারো মানুষের প্রাণহানি হয়। এরপর আরো কয়েকটি শক্তিশালী পরাঘাত অনুভূত হয়।

আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালার জন্য প্রায়ই সেখানে ভূমিকম্প আঘাত হানে। এ পর্বতমালা ইউরেশিয়ান ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত।