মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী এবং সেনাবাহিনীর মধ্যে ভয়াবহ লড়াইয়ের মধ্যে ১০ হাজারেরও বেশি মানুষ সীমান্ত পাড়ি দিয়ে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে থাই কর্মকর্তারা।

দক্ষিণ-পূর্ব মায়ানমারের কাইন রাজ্যের মায়াওয়াদ্দি জেলা থেকে তারা থাইল্যান্ডের টাক প্রদেশের সীমান্তবর্তী অঞ্চলে আশ্রয় নিয়েছেন। খবর বিবিসি।

২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চি’র নির্বাচিত সরকারের কাছ থেকে সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পর এটি সবচেয়ে বড় আশ্রয় নেয়ার ঘটনা। যদিও ওই অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠী এবং সেনাবাহিনীর মধ্যে লড়াইয়ের বিষয়ে কোনো তথ্য দেয়নি দেশটির জান্তা সরকার।

থাইল্যান্ডের টাক প্রাদেশিক কর্মকর্তারা বিবৃতি উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, ১০টি এলাকাজুড়ে প্রায় ৩ হাজার ৯৯৮ জন লোক থাইল্যান্ডে অস্থায়ী আশ্রয়ে পালিয়ে এসেছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও কর্মকর্তারা জানিয়েছেন।

বিবিসি বার্মিজ জানিয়েছে, কারেন ন্যাশনাল লিবারেশন আর্মির (কেএনএ) সশস্ত্র যোদ্ধারা সীমান্ত রক্ষী চৌকিতে হামলা চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। মিয়ানমারে অভ্যুত্থানের পর কেএনএলএ-র মতো কিছু জাতিগত সশস্ত্র গোষ্ঠী অভ্যুত্থানবিরোধীদের সঙ্গে মিলে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়ছে। মিয়ানমারের জেনারেলরা তাদের দমনে প্রাণঘাতী শক্তি প্রয়োগ করছে।

বিভিন্ন মানবাধিকার সংস্থার মতে, অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত অন্তত ৩ হাজার ২১২ জনকে হত্যা করেছে মিয়ানমারের সেনারা, ১৭ হাজারের বেশি  আছেন কারাগারে।

তবে মিয়ানমারের সেনাবাহিনী দাবি করছে, তারা ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে লড়াই করছে। বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করার বিষয়টি অস্বীকার করেছে তারা।