লেবাননে বোমা বিস্ফোরণের ঘটনায় জাতিসংঘের তিন পর্যবেক্ষক এবং একজন অনুবাদক আহত হয়েছেন।জাতিসংঘের শান্তিরক্ষা মিশন (ইউনিফিল) জানায়, শনিবার (৩০ মার্চ) বিস্ফোরণের আগ মুহুর্তে ইসরাইল থেকে দক্ষিণ লেবাননকে বিভক্তকারী জাতিসংঘ ঘোষিত ব্লু লাইন বরাবর পায়ে হেঁটে টহল দিচ্ছিল দলটি। বিস্ফোরণের উৎস সম্পর্কে তদন্ত করা হচ্ছে। খবর রয়টার্স। 

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আহত পর্যবেক্ষকদের মধ্যে একজন নওয়ের নাগরিক ছিলেন। সেই সঙ্গে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, আহত অপর দুই পর্যবেক্ষক চিলি ও অস্ট্রেলিয়ার নাগরিক।

আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে জানিয়ে ইউনিফিল জানায়,  শান্তিরক্ষীদের লক্ষ্যবস্তুতে পরিণত করার ঘটনা ‘অগ্রহণযোগ্য’।  

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে অক্টোবর থেকে ব্লু লাইনের ওপারে ইসরায়েলি সেনাবাহিনীর গোলাগুলি চলছে। লেবাননের রাষ্ট্র পরিচালিত ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি ড্রোন দক্ষিণ লেবাননের সেই এলাকায় হামলা চালিয়েছে যেখানে পর্যবেক্ষকেরা আহত হয়েছেন।

অন্যদিকে, ইসরায়েলের সামরিক বাহিনী এ অভিযোগ অস্বীকার করে এক বিবৃতিতে জানায়, আইডিএফ (ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী) আজ সকালে রামিশ এলাকায় ইউনিফিলের কোনো গাড়িতে হামলা করেনি।

লেবাননের তত্ত্বাবধায়ক সরকার প্রধান নাজিব মিকাতি ইউনিফিল কমান্ডার আরল্ডো লোজারোর সঙ্গে কথা বলেছেন। হামলার ঘটনায় এক বিবৃতিতে মিকাতি দক্ষিণ লেবাননে জাতিসংঘের কর্মীদের লক্ষ্যবস্তু বানানো এবং হামলা করার নিন্দা করেন।