হরমুজ প্রণালি দিয়ে ভারতীয় পতাকাবাহী তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতি দেবে ইরান—এমন দাবি করেছে ভারত সরকারের একটি সূত্র। তবে দেশের বাইরে অবস্থানরত এক সূত্র বলেছে, এ ধরনের কোনো সমঝোতা এখনো হয়নি। ফলে বিষয়টি নিশ্চিত নয়।

রয়টার্সের খবরে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে তিন দফা কথা হয়েছে। চলতি সপ্তাহের সর্বশেষ আলোচনায় শিপিং নিরাপত্তা ও ভারতের জ্বালানি নিরাপত্তা নিয়ে কথা হয়। তবে এর বেশি কিছু বলতে রাজি হননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, এ পর্যায়ে এর বেশি কিছু বলা ঠিক হবে না।

ভারতীয় সূত্রটির দাবি, সম্প্রতি ভারতের গন্তব্যে থাকা অন্তত দুটি বিদেশী পতাকাবাহী ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করেছে। মঙ্গলবার রাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচির টেলিফোন আলাপের পর ভারতীয় পতাকাবাহী জাহাজের নিরাপদ চলাচল নিয়ে তেহরান আশ্বাস দিয়েছে বলেও সূত্রটি উল্লেখ করে। তবে পরিস্থিতি এখনো পরিবর্তনশীল এবং ইরানের প্রশাসনের ভেতরে নির্দেশনা কীভাবে পৌঁছাচ্ছে, সে বিষয়ে পূর্ণ স্বচ্ছতা নেই বলেও জানানো হয়।

দুই পররাষ্ট্রমন্ত্রীর আলোচনার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে পারস্য উপসাগরে সৃষ্ট অনিরাপদ পরিস্থিতি ও শিপিং সমস্যার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে। কিন্তু ভারতীয় জাহাজকে নিরাপদ চলাচলের সুযোগ দেয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তির কথা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। ভারতও আনুষ্ঠানিকভাবে এমন কোনো সমঝোতার কথা বলেনি।

বুধবার ভারত জানায়, হরমুজ প্রণালির পূর্ব ও পশ্চিমে ২৮টি ভারতীয় পতাকাবাহী জাহাজ চলাচল করছে, যাতে ৭৭৮ জন ভারতীয় নাবিক রয়েছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতীয় দূতাবাস, জাহাজ ব্যবস্থাপক ও নিয়োগ সংস্থাগুলো স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে। একই সঙ্গে যুদ্ধ শুরুর পর ভারত ১৮৩ জন ইরানি নাবিককে নিরাপদ আশ্রয় দিয়েছে।

ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে অন্তত ১৬টি জাহাজে হামলার অভিযোগ উঠেছে। বুধবার ভারতের পশ্চিম উপকূলীয় বন্দর কান্ডলার উদ্দেশে যাওয়া একটি থাই জাহাজও হামলার শিকার হয়। এর পর নয়াদিল্লি বাণিজ্যিক জাহাজকে সামরিক হামলার লক্ষ্যবস্তু বানানোর নিন্দা জানায়। হরমুজ প্রায় অচল হয়ে পড়ায় ভারত এখন রাশিয়াসহ বিকল্প উৎস থেকে আরও বেশি তেল কেনার পথ খুঁজছে।