ফিলিস্তিনের রাফাহতে হামলার পরিকল্পনার সমালোচনা করেছে মিসর, ফ্রান্স ও জর্ডান। এ ভূখণ্ডে হামলা চালানো হলে ইসরায়েলকে ‘বিপজ্জনক পরিণতির’ বিষয়ে সতর্ক করে দিয়েছে দেশগুলো। গতকাল (৮ এপ্রিল) তিন দেশের নেতারা এক যৌথ বিবৃতিতে গাজার দক্ষিণাঞ্চলীয় এ শহরে হামলার বিষয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। খবর আরব নিউজ।
বিবৃতিতে তারা ইসরায়েলকে ‘অবিলম্বে’ হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আহ্বানও জানিয়েছেন। তারা বলেছেন, ‘আমরা রাফাহতে অভিযানের বিরুদ্ধে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছি, রাফাহতে হামলার পরিণতি হবে বিপজ্জনক। কারণ, এরই মধ্যে ওই এলাকায় ফিলিস্তিনের বিভিন্ন এলাকার ১৫ লাখ বেসামরিক নাগরিক আশ্রয় নিয়েছে।’
তারা আরো বলেছেন, এ ধরনের অভিযান ‘শুধু আরো মৃত্যু ও দুর্ভোগ বয়ে আনবে’ এবং ‘আঞ্চলিক উত্তেজনাকে হুমকির দিকে ঠেলে দেবে।’
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, রাফাহতে আক্রমণের জন্য আমরা দিনক্ষণ নির্ধারণ করেছি। নেতানিয়াহুর এমন মন্তব্যের পর যুক্তরাষ্ট্র বলেছে, তারা রাফাহতে যেকোনো ধরনের হামলার বিরোধী। কারণ, সেখানে ১৫ লাখেরও বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে।
একই সময়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ইঙ্গিত দিয়েছিলেন, বন্দিদের বিষয়ে হামাসের সঙ্গে চুক্তির জন্য এখনই সঠিক সময়। মিসরের রাজধানী কায়রোয় বন্দিবিনিময় এবং যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলাকালীন তার মন্তব্য সামনে এসেছে।










