দ্বিতীয় বিশ্ব যুদ্ধে প্রাণ
হারানো তিন ব্রিটিশ বিমান বাহিনীর কর্মকর্তার পরিচয় শনাক্ত করেছে ডাচ প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রায় ৮০ বছর আগে জার্মান বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছিলেন ব্রিটিশ বিমান বাহিনীর
ওই তিন কর্মকর্তা। প্রায় আট দশক পর জানা গেল তাদের পরিচয়। খবর দ্য গার্ডিয়ান।
শুক্রবার (২৪ নভেম্বর) ডাচ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।
ব্রিটিশ ওই তিন কর্মকর্তা হলেন আর্থার স্মার্ট, রেমন্ড মুর ও চার্লস স্পার্ক। ডাচ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ২৭ বছর বয়সী স্মার্ট ও ২১ বছর বয়সী ওয়্যারলেস অপারেটর মুরের অদ্যক্ষরসহ দুটি সিলভার প্লেটেড সিগারেটের কেস পাওয়া গেছে।
১৯৪৩ সালের ১৩ জুন ওই তিন ব্রিটিশ বিমান বহিনীর কর্মকর্তা জার্মিনির বোচুমে একটি মিশনে যান, পরে সেখান থেকে তারা আর ফিরে আসেননি। ডাচ প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, জার্মানদের গুলিতে নিহত হওয়া ওই তিন কর্মকর্তার লাশ ডাচ সমুদ্রে থেকে উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের অজ্ঞাতনামা হিসেবে কবর দেয়া হয়।
তদন্তে সহায়তাকারী স্টিচিং এয়ারক্রাফ্ট রিকভারি গ্রুপের জোহান গ্রাস বলেছেন, শনাক্তকারীদের বিষয়ে তাদের পরিবারকে জানানো হয়েছে।
তদন্তকারী দলটির ওই কর্মকর্তা বলেছেন, যদিও তাদের শনাক্ত করতে অনেক বছর লেগে গেল তবে আমরা আনন্দিত যে তাদের পরিচয় আমরা বের করতে পেরেছি। আমাদের সংস্থার লক্ষ্য হলো অজ্ঞাত লাশগুলোর পরিচয় বের করে কবরস্থ করা।
১৯৯৬ সালে প্রথম জেলেরা ধ্বংস হওয়া যুদ্ধবিমানের অংশ খুঁজে পায় পরে উদ্ধার করে নেদারল্যান্ডসের জাদুঘরে হস্তান্তর করা হয়। পরবর্তীতে শনাক্তকারী সংস্থাটি তাদের অনুসন্ধান শুরু করে।
এখনো ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের কোথায় এবং কখন দাফন করা হবে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিখোঁজ যোদ্ধাদের দেহাবশেষ নিয়ে নেদারল্যান্ডসে অন্তত ৩০-৫০টি ক্র্যাশ সাইট রয়েছে বলে ধারণা করা হয়।










