পাকিস্তানের একটি শপিং মলে অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩৫ জন। গতকাল সকালে করাচির আরজে শপিং মলের চতুর্থ তলায় এ অগ্নিকাণ্ড ঘটে। ভবনটি ছয় তলাবিশিষ্ট। খবর গার্ডিয়ান।
এ ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীরা অন্তত ৪০ জনকে ভেতর থেকে উদ্ধার করেছে। এছাড়া অর্ধশতাধিক মানুষ ভবনের ভেতরে আটকা রয়েছে বলে জানান উদ্ধারকর্মীরা।
উদ্ধারকাজে অংশ নেয়া চিপ্পা কল্যাণ সংস্থার মুখপাত্র শহিদ হুসেন বলেন, ‘আমাদের উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ১১টি মরদেহ হাসপাতালে নিয়ে গেছে। ৩৫ জন আহত হয়েছে, যাদের সাতজনের অবস্থা আশঙ্কাজনক। নিরাপদে উদ্ধার করা হয়েছে ৪০ জনকে।’
শহিদ হুসেন আরো বলেন, ‘জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। পরে আগুন ভবনের দুটি তলায় ছড়িয়ে পড়ে।’
করাচির মেয়র মুর্তজা ওয়াহাব এক্সে (টুইটার) এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের পর অনেক মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকাজ চলছে।’
নিরাপত্তা আইন ও বিল্ডিং কোডের দুর্বল প্রয়োগের কারণে পাকিস্তানে প্রায়ই বড় ভবনগুলোয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এর আগে ২০১২ সালে পশ্চিম করাচির বলদিয়া শহরের একটি পোশাক কারখানায় আগুন লেগে অন্তত ২৫০ জন শ্রমিক মারা যান। এছাড়া চলতি বছরের এপ্রিলে অন্য একটি পোশাক কারখানায় আগুন লেগে চার দমকল কর্মী নিহত হন। ভয়াবহ আগুনে ভবনটি একপর্যায়ে ধসে পড়ে।










