তাইওয়ানে গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের আঘাতে এখনো শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে। ভূমিকম্পে এখন পর্যন্ত নয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবারও উদ্ধার অভিযান চলমান রয়েছে। খবর আল জাজিরা।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে দেশটির তারোকো জাতীয় উদ্যানের হোটেলের দিকে যাওয়ার সময় চারটি মিনিবাসের ৫০ জন যাত্রী নিখোঁজ হয়েছেন। টেলিফোন লাইন ডাউন হওয়ায় তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এছাড়া হুয়ালিয়েন শহরের টানেলে আটকে পড়াদের উদ্ধার করেছে কর্মীরা। তাদের মধ্যে দুই জন জার্মান নাগরিকও রয়েছে।
তাইওয়ানের নব নির্বাচিত প্রেসিডেন্ট লাই চিং-তে বলেন, বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল মানুষকে উদ্ধার করা।
এর আগে গতকাল মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, সাত দশমিক দুই মাত্রার ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে। এর গভীরতা ছিল ৩৪ দশমিক ৮ কিলোমিটার। ভূমিকম্পের পর পরই তাইওয়ান ও এর প্রতিবেশী দেশ জাপান, ফিলিপাইনে সুনামি সতর্কতা জারি করা হয়।










