তুরস্কের ইস্তাম্বুলের একটি নাইট ক্লাবে আগুন লেগে ২৯ জনের মৃত্যু হয়েছে। এ অগ্নিকাণ্ডে আহত হয়েছেন আরো বেশ কয়েকজন মানুষ। মঙ্গলবার (২ এপ্রিল) দিনের বেলা এ ঘটনা ঘটে। তবে ওই সময় নাইট ক্লাবটি খোলা ছিল না। সেখান সংস্কার কাজ চলছিল। খবর স্কাই নিউজ।
ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুল জানিয়েছেন, যারা নিহত হয়েছেন তারা সংস্কার কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে। আগুনে দগ্ধ অন্তত একজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইস্তাম্বুলের গভর্নর অফিস।
মাইক্রো ব্লগিং সাইট এক্সে ইস্তাম্বুল ফায়ার বিভাগের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, দমকলকর্মীরা একাধিক ফায়ার ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। এছাড়া ধোঁয়ায় আচ্ছন্ন ভবনটির পাশে দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্স। ওই সময় অন্তত একজন ব্যক্তিকে ধ্বংসস্তূপ থেকে বের করে নিয়ে আসতে দেখা যায়।
ইস্তাম্বুলের মেয়র ইকরিম ইমামগোলো সামাজিক মাধ্যম এক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানিয়ে বলেছেন, ‘যারা পরিবার-পরিজনকে হারিয়েছেন তাদের ওপর আল্লাহ দয়া করুক। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি আমি।’ মেয়র ইমামগোলো জানিয়েছেন, ভবনটির নিরাপত্তা নিরূপণে এখন সেখানে কাজ চলছে।










