সমুদ্র পাড়ি দিয়ে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে পৌঁছেছে ২০০ জনেরও বেশি রোহিঙ্গা। গত এক সপ্তাহের মধ্যে প্রায় এক হাজারেরও বেশি রোহিঙ্গা ইন্দোনেশিয়া পৌঁছেছে। প্রদেশটির জেলে সম্প্রদায়ের এক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্স।

নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে সমুদ্র শান্ত থাকে, তখন মিয়ানমারের সংখ্যালঘুদের অনেক সদস্য থাইল্যান্ড, বাংলাদেশ, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার উদ্দেশে নৌকায় করে মিয়ানমার ছেড়ে যায়।

জেলে সম্প্রদায়ের প্রধান মিফতাচ কাট অ্যাডেক রয়টার্সকে বলেন, সর্বশেষ আগমনকারী রোহিঙ্গার সংখ্যা ২১৬ জন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। তারা মঙ্গলবার(২২ নভেম্বর) গভীর রাতে সুমাত্রা দ্বীপে পৌঁছায়।

ইন্দোনেশিয়ায় জাতিসংঘের শরণার্থী সংস্থার মুখপাত্র মিত্রা সালিমা সুরিওনো বলেছেন, বিপুল সংখ্যক রোহিঙ্গার আগমনের বিশেষ কোনো কারণ নেই। তারা নিরাপদে থাকার জন্য মূলত স্থানান্তরিত হয়।

মিত্রা আরো বলেন, আচেহ গ্রামবাসীরা গত সপ্তাহে উত্তর-পূর্ব সুমাত্রার বিরুয়েন এলাকায় কয়েকশ রোহিঙ্গার আগমন ঠেকানোর চেষ্টা করে।