চীনের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের বিরুদ্ধে ‘শেষ পর্যন্ত’ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে বেইজিং। আজ মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন থেকে যুক্তরাষ্ট্রে পণ্য আমদানির ক্ষেত্রে নতুন করে আরও ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেয়ার পর চীনা বাণিজ্য মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। খবর বিবিসি ও সাউথ চায়না মনিং পোস্ট।

বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘চীনের বিরুদ্ধে শুল্ক বাড়ানোর মার্কিন হুমকিটি একটি ভুলের ওপর আরেকটি ভুল। এর মধ্য দিয়ে আবারও যুক্তরাষ্ট্র যে চাপ প্রয়োগের নীতিতে বিশ্বাসী, তা প্রকাশ পেয়েছে। চীন কখনোই তা মেনে নেবে না।’ যুক্তরাষ্ট্র শুল্ক বাড়ালে চীন তার নিজস্ব অধিকার এবং স্বার্থ রক্ষার জন্য শক্তভাবে পাল্টা ব্যবস্থা নেবে। মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি নিজের সিদ্ধান্তে অটল থাকে, তাহলে এর শেষ না দেখা পর্যন্ত চীনের লড়াই চলবে।’

এদিকে চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না (পিবিওসি) জানিয়েছে, দেশের পুঁজিবাজারের স্থিতিশীলতা ধরে রাখতে প্রয়োজনে তারা রিলেন্ডিং সুবিধা দেবে।

প্রসঙ্গত, বিভিন্ন দেশের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের ওপর আরোপ করা হয় ৩৪ শতাংশ শুল্ক। এর আগে দেশটির ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। এর জবাবে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয় চীন। আগামী বৃহস্পতিবার থেকে এ শুল্ক কার্যকর হওয়ার কথা। তবে বেইজিং নতুন করে যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে, সেটা প্রত্যাহার না করলে দেশটির ওপর আরো ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প।