মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র ১৭৭৬ সালের ৪ জুলাই কন্টিনেন্টাল কংগ্রেসে গৃহীত হয়। এর মাধ্যমে ১৩টি আমেরিকান উপনিবেশ যুক্তরাজ্যের সঙ্গে তাদের রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল। 

১৭৬০-এর দশকজুড়ে এবং ১৭৭০-এর দশকের শুরুর দিকে উত্তর আমেরিকান কলোনিস্টদের সঙ্গে ব্রিটিশদের কর ও সীমান্ত নীতি নিয়ে বিরোধ বাড়তে থাকে। ক্রমাগত প্রতিবাদ সত্ত্বেও ব্রিটিশদের এসব নীতিতে কোনো পরিবর্তন দেখা যাচ্ছিল না। বরং একপর্যায়ে বোস্টন বন্দর বন্ধ হয়ে যায়। ম্যাসাচুসেটসে ঘোষণা করা হয় মার্শাল ল। এ অবস্থায় ব্রিটিশ পণ্য বয়কটের সিদ্ধান্ত নিয়ে কলোনিগুলো থেকে কন্টিনেন্টাল কংগ্রেসে প্রতিনিধি পাঠানো হয়। ম্যাসাচুসেটসে কলোনিস্টদের সঙ্গে ব্রিটিশ সেনাদের সংঘাত শুরুর পর কন্টিনেন্টাল কংগ্রেস প্রতিরোধ গড়ে তুলতে স্থানীয় বিভিন্ন পক্ষের সঙ্গে কাজ করতে শুরু করে। 

এমন পরিস্থিতিতেও কলোনিস্টদের নেতারা ব্রিটিশ সরকারের সঙ্গে বিরোধ মীমাংসার প্রত্যাশায় ছিলেন। শুরুতে কংগ্রেসের বেশির ভাগ সদস্যই ছিলেন স্বাধীনতা ঘোষণার বিপক্ষে। যদিও ১৭৭৫-৭৬-এর শীত মৌসুমে কন্টিনেন্টাল কংগ্রেসের সামনে পরিষ্কার হয়ে ওঠে, ব্রিটিশদের সঙ্গে মীমাংসার সম্ভাবনা নেই। একমাত্র পথ তখন স্বাধীনতা। ১৭৭৫ সালের ২২ ডিসেম্বর ব্রিটিশ পার্লামেন্ট কলোনিগুলোর সঙ্গে বাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপ করে। এর জবাবে ১৭৭৬ সালের এপ্রিলে কংগ্রেস কলোনিগুলোর বন্দর খুলে দেয়। তখন এটি ছিল ব্রিটিশদের সঙ্গে সম্পর্ক ছিন্নের সবচেয়ে বড় পদক্ষেপ। এর আগে জানুয়ারিতে কলোনিগুলোর স্বাধীনতার পক্ষে যুক্তি দিয়ে ‘‌কমন সেন্স’ শিরোনামে একটি প্যামফ্লেট তৈরি করেন থমাস পেইন। কলোনিস্টদের প্রয়াসে প্যামফ্লেটটি অনেক বড় সহায়ক ভূমিকা রেখেছিল। ১৭৭৬ সালের ফেব্রুয়ারিতে কলোনিস্ট নেতারা বিদেশীদের সঙ্গে মিত্রতা গড়ে তোলা নিয়ে আলোচনা শুরু করেন। ওই বছরের ৭ জুন রিচার্ড হেনরি লি কংগ্রেসে একটি স্বাধীনতা প্রস্তাব উত্থাপন করেন। অন্যান্য সদস্যের অবস্থান এর অনুকূলে থাকলেও তাদের মনে হয়েছিল কিছু উপনিবেশ এখনো স্বাধীনতার জন্য প্রস্তুত নয়। এমন পরিস্থিতির মধ্যেই কংগ্রেস স্বাধীনতার ঘোষণাপত্রের খসড়া তৈরির জন্য একটি কমিটি গঠন করে। এর দায়িত্ব দেয়া হয় থমাস জেফারসনকে। 

জেফারসনের করা খসড়াটি পর্যালোচনা করেন বেঞ্জামিন ফ্রাংকলিন ও জন অ্যাডামস। ১৭৭৬ সালের ২৮ জুন এই কমিটি চূড়ান্ত খসড়া কংগ্রেসে পেশ করে। ৪ জুলাই কংগ্রেসের সভায় গৃহীত হয় যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র। [সূত্র: যুক্তরাষ্ট্র সরকারের অফিস অব দ্য হিস্টোরিয়ান]