শারদীয় দুর্গা পূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। প্রতি বছরের মতো এ বছরও হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দুর্গা পূজা উদযাপন করতে যাচ্ছে। দুর্গোৎসব শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির একটি সর্বজনীন সামাজিক ও সাংস্কৃতিক উৎসব। দুর্গা পূজার সঙ্গে গভীরভাবে মিশে আছে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনা।
দুর্গোৎসব মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা, সৌহার্দ্য ও ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে শারদীয় দুর্গোৎসব আনন্দ ও উৎসবের আবহ সৃষ্টি করে। সত্য ও সুন্দরের জয় হোক—এ প্রত্যাশায় শারদীয় দুর্গোৎসবের আলোয় আমাদের সমাজ থেকে অশুভ, অন্ধকার ও বিভেদ দূর হোক এবং সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরো সুদৃঢ় হোক—এ কামনা করি।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিশ্বসভায়ও বাংলাদেশ অসাম্প্রদায়িক ও সম্প্রীতিশীল দেশ হিসেবে সুনাম অর্জন করেছে। প্রতি বছর দেশে শারদীয় দুর্গা পূজার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সরকারও প্রতি বছরের মতো এ বছর প্রতিটি পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান এবং পূজামণ্ডপের নিরাপত্তা ও দর্শনার্থীদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করেছে। ফলে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দেশের সর্বত্র শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে বলে আমি প্রত্যাশা করি।
শারদীয় দুর্গোৎসব সবার জীবনে শান্তি, সমৃদ্ধি ও আনন্দ বয়ে আনুক—এ প্রত্যাশা করি।










