আমাদের এখানে একটি স্বয়ংসম্পূর্ণ ও অত্যাধুনিক কার্ডিয়াক সেন্টার গড়ে উঠেছে। কার্ডিয়াক সার্জারির জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক সব ধরনের মেডিকেল ইকুইপমেন্ট এখানে রয়েছে। এর সমন্বয়ে আমাদের দুটি আধুনিক অপারেশন থিয়েটার প্রস্তুত করা হয়েছে।
আমাদের অপারেশন থিয়েটারে বর্তমানে বিশ্বে ব্যবহৃত অত্যাধুনিক হার্ট-লাং মেশিন রয়েছে। পাশাপাশি আমাদের এখানে আইএবিপি মেশিন রয়েছে, যা একটি জীবন রক্ষাকারী যন্ত্র। এটি সবসময় আমাদের অপারেশন থিয়েটারে প্রস্তুত রাখা হয়, যাতে জরুরি প্রয়োজনে তাৎক্ষণিকভাবে ব্যবহার করা যায়।
এছাড়া অপারেশন থিয়েটারেই প্রয়োজনে ট্রান্সইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাফি (টিইই) করার সুযোগ রয়েছে। এজন্য আমাদের একটি স্ট্যান্ডবাই ইকো মেশিন রয়েছে। আমাদের অ্যানেসথেসিওলজিস্টরাও এ বিষয়ে যথেষ্ট অভিজ্ঞ এবং তারা প্রয়োজন অনুযায়ী ট্রান্সইসোফেজিয়াল ইকো করতে পারেন। ফলে অস্ত্রোপচারের সময় রোগীর হৃদযন্ত্রের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার সুযোগ আমাদের রয়েছে।
আমাদের এই কার্ডিয়াক সেন্টারে বিভিন্ন ধরনের হৃদরোগের অস্ত্রোপচার করা হচ্ছে। এর মধ্যে হার্টের রক্তনালির বাইপাস সার্জারি, হৃদযন্ত্রের বিভিন্ন ধরনের টিউমারের অস্ত্রোপচার এবং হার্টের ভালভের সার্জারি রয়েছে। পাশাপাশি শিশুদের জন্মগত হৃদরোগের বিভিন্ন ধরনের ত্রুটিরও অস্ত্রোপচার আমরা করে থাকি।
কনভেনশনাল বা প্রচলিত কার্ডিয়াক সার্জারির পাশাপাশি আমরা কিছু মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারিতেও কাজ করছি। বিশেষ করে বাইপাস সার্জারির ক্ষেত্রে বর্তমানে যেসব অত্যাধুনিক পদ্ধতি রয়েছে, আমরা সেগুলো ব্যবহারের চেষ্টা করছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে, রোগীকে কীভাবে সর্বোচ্চ সুবিধা দেয়া যায় এবং চিকিৎসার ফলাফল আরো ভালো করা যায়।










