২০০৪ সালে সার্বিক যাত্রা শুরু করে ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। পরবর্তী সময়ে বিশেষায়িত উইং হিসেবে ২০১৫ সালে ডানা মেলে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল। শুরুতে জেনারেল ও ইমার্জেন্সি সাপোর্টের পাশাপাশি ৩৪টি কার্ডিয়াক বেড ও কনসালট্যান্টদের মাধ্যমে সেবা কার্যক্রম শুরু হয়। পরে গড়ে ওঠে পূর্ণাঙ্গ ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল উইং।

ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালের যাত্রা শুরুর দিন থেকেই ২৪ ঘণ্টা প্রাইমারি পিসিআই সেবা চালু রয়েছে। বর্তমানে কার্ডিয়াক সেবার পরিধিতে রয়েছে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ), কার্ডিয়াক ইনটেনসিভ কেয়ার (সিআইসিইউ), কার্ডিয়াক ওয়ার্ড, কার্ডিয়াক কেবিন ব্লক, ক্যাথল্যাব, প্রি-ক্যাথ ও পোস্ট-ক্যাথ সুবিধা।

বর্তমানে একটি ক্যাথল্যাব, একটি কার্ডিয়াক অপারেশন থিয়েটার, সিসিইউ, সিআইসিইউ, কার্ডিয়াক ওয়ার্ড ও ডেডিকেটেড কার্ডিয়াক কেবিন নিয়ে পূর্ণাঙ্গ উইং হিসেবে পরিচালিত হচ্ছে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল। এর চিফ কার্ডিয়াক সার্জন হিসেবে রয়েছেন অধ্যাপক ডা. নাসির উদ্দিন আহমেদ এবং চিফ ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. খন্দকার কামরুল ইসলাম। পাশাপাশি সিসিইউ, সিআইসিইউ ও কার্ডিয়াক ওয়ার্ডে ৪৬ জন ডেডিকেটেড স্পেশালিস্ট, সিএমও, আরএমও ও এসএমও রয়েছেন।

কার্ডিয়াক সেবার সঙ্গে যুক্ত নার্স ও টেকনিশিয়ানদের মধ্যেও রয়েছে নির্দিষ্ট জনবল। ৭০ জন অভিজ্ঞ নার্সিং স্টাফের পাশাপাশি ক্যাথল্যাব ও পারফিউশন টেকনিশিয়ানরা ২৪ ঘণ্টা, সপ্তাহের সাতদিন দায়িত্ব পালন করছেন।

শুরুর দিকে গড়ে ২০-৩০ জন কনসালট্যান্ট এখানে প্রসিডিউর করতেন। বর্তমানে গড়ে ৯০ জন কনসালট্যান্ট প্রসিডিউর করছেন। একই সঙ্গে কার্ডিয়াক ওপিডি ও ইমার্জেন্সিতে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী সেবা পান। সিসিইউ ও সিআইসিইউতে ভর্তি এবং ক্যাথল্যাব প্রসিডিউরেও নিয়মিত ধারাবাহিক রোগীর চাপ রয়েছে। প্রতি মাসে গড়ে কার্ডিয়াক ইন্টারভেনশনের সংখ্যা ৩০০-এর বেশি এবং কার্ডিয়াক সার্জারি ৪০টির বেশি।

সময়ের সঙ্গে বেড়েছে কার্ডিয়াক উইংয়ের শয্যাসংখ্যাও। বর্তমানে কার্ডিয়াক উইং ৬০ বেডে উন্নীত হয়েছে। এখানে রয়েছে ডেডিকেটেড সিসিইউ বেড, সিআইসিইইউ বেড, প্রি-ক্যাথ ও পোস্ট-ক্যাথ বেড এবং কার্ডিয়াক কেবিনের ব্যবস্থা।

কার্ডিয়াক ইন্টারভেনশনাল সেবার আওতায় এখানে এনজিওগ্রাম (সিএজি), এনজিওপ্লাস্টি/স্টেন্টিং (পিটিসিএ), ভালভোপ্লাস্টি, টিপিএম/পিপিএম পেসমেকার ইনস্টলেশন, পেসমেকার পরিবর্তন এবং আইএবিপি সাপোর্ট দেয়া হয়। অন্যদিকে কার্ডিয়াক সার্জারির আওতায় রয়েছে ওপেন হার্ট সার্জারি, সিএবিজি বা বাইপাস সার্জারি, ভালভ রিপ্লেসমেন্ট এবং জন্মগত হৃদরোগের শল্যচিকিৎসা, যার মধ্যে এএসডি, ভিএসডি ও টিওএফ রয়েছে।

নন-ইনভেসিভ কার্ডিয়াক সেবার মধ্যে রয়েছে ECG, 2D/4D Echo, Stress Echo, TMT/ETT ও Holter Monitoring।

প্রযুক্তিগত সক্ষমতার ক্ষেত্রেও যুক্ত হয়েছে বিভিন্ন সুবিধা। ফ্ল্যাট প্যানেল ডিজিটাল ক্যাথল্যাবে সব ধরনের ইনভেসিভ ও ইন্টারভেনশনাল করোনারি প্রসিডিউর সম্পন্ন করা যায়। সাম্প্রতিক যুক্ত হয়েছে ৪ডি ইকোকার্ডিওগ্রাফি, সিটি এনজিওগ্রাম এবং অ্যাডভান্সড ডিজিটাল ক্যাথল্যাব সফটওয়্যার আপডেট।

কার্ডিয়াক সেবার পাশাপাশি ভবিষ্যৎ সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে। প্রস্তাবিত ইউনিভার্সেল মেডেসিটি প্রকল্পের আওতায় ৫০০ বেডের বৃহৎ কোয়াটারনারি প্রজেক্টের পরিকল্পনা রয়েছে। এ প্রকল্পে কার্ডিয়াক হাইব্রিড ওটি এবং আধুনিক আইসিইউ কমপ্লেক্স অন্তর্ভুক্ত থাকবে।