কার্ডিয়াক সার্জারিতে আধুনিক প্রযুক্তির সুবিধা কী? মিনিমালি ইনভেসিভ ও বিটিং হার্ট সার্জারি কোন রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়?
আধুনিক হৃদরোগের চিকিৎসায় মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি ও বিটিং হার্ট সার্জারি নতুন সম্ভাবনা তৈরি করেছে। প্রচলিত পদ্ধতির তুলনায় এসব প্রযুক্তিতে কাটাছেঁড়া, রক্তক্ষরণ ও রোগীর ভোগান্তি কমানোর সুযোগ রয়েছে। বিশেষ করে বিটিং হার্ট সার্জারিতে হার্ট বন্ধ না করেই নির্দিষ্ট অংশ স্থির করে বাইপাস করা সম্ভব। একইভাবে এন্ডোস্কোপিক পদ্ধতিতে পায়ের শিরা সংগ্রহ করায় বড় ধরনের কাটা দাগও থাকে না।
বাইপাস সার্জারিতে পায়ের শিরা সংগ্রহের ক্ষেত্রে কী ধরনের আধুনিক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে?
বাইপাস সার্জারির জন্য আমরা পায়ের শিরা ব্যবহার করি। আগে এ শিরা সংগ্রহ করতে পায়ে বড় ধরনের ইনসিশন দিতে হতো। এখন আমরা এন্ডোস্কোপিক পদ্ধতিতে এটি করতে পারি। পায়ে মাত্র এক থেকে দুই আঙুলের মতো ছোট একটি ইনসিশন দিয়ে এন্ডোস্কোপ প্রবেশ করানো হয়। এরপর এন্ডোস্কোপের মাধ্যমে পুরো অংশটি দেখে শিরাটি সংগ্রহ করা হয়। ফলে পায়ে বড় কোনো কাটা দাগ থাকে না। এতে রোগীর ব্যথা ও ক্ষতও তুলনামূলকভাবে কম হয়।
বিটিং হার্ট সার্জারি বলতে কী বোঝায়? স্কয়ারে এ পদ্ধতিতে সার্জারি হয় কি?
বিটিং হার্ট মানে হলো হার্টকে বন্ধ না করেই সার্জারি করা। সাধারণ কিছু হার্ট অপারেশনে হার্ট ও ফুসফুসের কাজ সাময়িকভাবে বন্ধ রেখে হার্ট-লাং মেশিনের মাধ্যমে রক্ত সঞ্চালন ও অক্সিজেন সরবরাহ করা হয়। কিন্তু বিটিং হার্ট সার্জারিতে হার্ট তার স্বাভাবিক গতিতে চলতে থাকে। তবে সার্জন যে অংশে কাজ করবেন, সেই নির্দিষ্ট অংশকে একটি বিশেষ স্টেবিলাইজারের মাধ্যমে স্থির করে নেয়া হয়। অর্থাৎ পুরো হার্ট নড়ছে, কিন্তু যে জায়গায় বাইপাস করা হবে সেটি নড়ছে না। ফলে হার্ট চলমান থাকা অবস্থাতেই প্রয়োজনীয় সার্জারি করা সম্ভব হয়। স্কয়ারে এ পদ্ধতিতে সার্জারি হচ্ছে নিয়মিত।
হার্ট সার্জারির প্রধান চ্যালেঞ্জ কী?
যেকোনো সার্জারির ক্ষেত্রে আমরা মূলত তিনটি বিষয় চাই—পেইনলেস, ব্লাডলেস ও মোশনলেস ফিল্ড। অর্থাৎ রোগী যেন ব্যথা অনুভব না করেন, যে জায়গায় কাজ করছি সেখানে অতিরিক্ত রক্ত যেন না থাকে এবং ওই জায়গাটি যেন স্থির থাকে।

অ্যানেস্থেশিয়ার মাধ্যমে ব্যথা নিয়ন্ত্রণ করা হয়। নির্দিষ্ট পদ্ধতিতে রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে যে ধমনিতে বাইপাস করা হবে সেটি প্রয়োজনীয় সময়ের জন্য ব্লাডলেস করা হয়। আর স্টেবিলাইজারের মাধ্যমে নির্দিষ্ট অংশকে মোশনলেস করা হয়। এভাবেই বিটিং হার্ট সার্জারির জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করা হয়।
কার্ডিয়াক সার্জারিতে হার্ট-লাং মেশিনের ভূমিকা কী?
হার্ট-লাং মেশিন চিকিৎসাবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার। এটি সাময়িকভাবে হার্ট ও ফুসফুসের কাজ করে। বিশেষ করে হার্টের ভেতরের কিছু অপারেশনের ক্ষেত্রে এ মেশিন ব্যবহার করা হয়। যেমন হার্টের ভেতরে টিউমার থাকলে নির্দিষ্ট পরিস্থিতিতে হার্ট সাময়িকভাবে বন্ধ করে মেশিনের মাধ্যমে রক্ত সঞ্চালন চালু রেখে টিউমার অপসারণ করা যায়।
সব রোগীর ক্ষেত্রে কি মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি করা সম্ভব?
এর জন্য নির্দিষ্ট কিছু মানদণ্ড বা ক্রাইটেরিয়া রয়েছে। রোগীর হৃদরোগের ধরন, ব্লকের অবস্থান, রক্তনালির অবস্থা এবং অ্যাওর্টার পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় বিবেচনা করতে হয়। রোগী যখন মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারির (এমআইসিএস) নির্দিষ্ট ক্রাইটেরিয়া পূরণ করেন, তখন আমরা এ পদ্ধতি অনুসরণ করতে পারি। কিন্তু কোনো রোগীর ক্ষেত্রে যদি এসব ক্রাইটেরিয়া পূরণ না হয়, তাহলে আমরা স্ট্যান্ডার্ড পদ্ধতিতে চলে যাই। রোগীর নিরাপত্তাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
মিনিমালি ইনভেসিভ পদ্ধতিতে কয়টি বাইপাস গ্রাফট দেয়া সম্ভব? এ পদ্ধতিতে আর কী কী জটিল অপারেশন করা হয়?
প্রয়োজন অনুযায়ী তিনটি বা চারটি পর্যন্ত গ্রাফট দেয়ার সুযোগ রয়েছে। তবে বিষয়টি সম্পূর্ণভাবে রোগীর শারীরিক অবস্থা, ব্লকের অবস্থান এবং অন্যান্য ক্লিনিক্যাল বিষয়গুলোর ওপর নির্ভর করে। যেমন, হার্টের ভেতরে টিউমার থাকলে বুকের ডান পাশ দিয়ে পাঁজরের মাঝের ছোট একটি জায়গা দিয়ে প্রবেশ করে টিউমার অপসারণ করা সম্ভব। তবে এ ধরনের অপারেশনে রোগীর অবস্থা ও টিউমারের অবস্থান অনুযায়ী হার্ট-লাং মেশিনের প্রয়োজন হতে পারে। মিনিমালি ইনভেসিভ সার্জারির মূল উদ্দেশ্য হলো প্রয়োজনীয় সার্জারি সম্পন্ন করার পাশাপাশি রোগীর শরীরে কম কাটাছেঁড়া করা। এতে অপারেশনের ক্ষত ও ব্যথা কমানোর সুযোগ থাকে এবং রোগীর দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা তৈরি হয়। একইভাবে এন্ডোস্কোপিকভাবে পায়ের শিরা সংগ্রহ করলে বড় ধরনের কাটা দাগ এড়ানো যায়।
বাংলাদেশে এমআইসিএস প্রযুক্তির ভবিষ্যৎ কীভাবে দেখছেন?
এটি আধুনিক কার্ডিয়াক সার্জারির একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি। বিশ্বের বিভিন্ন দেশে মিনিমালি ইনভেসিভ ও বিটিং হার্ট সার্জারি করা হচ্ছে। বাংলাদেশেও ধীরে ধীরে এ ধরনের প্রযুক্তির ব্যবহার বাড়ছে। তবে সব রোগীর জন্য একই পদ্ধতি প্রযোজ্য নয়। সঠিক রোগী নির্বাচন, প্রয়োজনীয় অবকাঠামো এবং অভিজ্ঞ টিম থাকলে বাংলাদেশেও এ ধরনের আধুনিক সার্জারির ব্যবহার আরো বিস্তৃত করা সম্ভব। আমরা স্কয়ার হাসপাতালে সব ধরনের কার্ডিয়াক সার্জারি আধুনিক প্রযুক্তির সঙ্গে করে যাচ্ছি, স্কয়ারের পুরো টিম নিরলসভাবে রোগীর সেবায় কাজ করে যাচ্ছে।










