প্রথমবারের মতো চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে লোকসানের মুখে পড়েছে মেটা। বর্তমানে প্রতিষ্ঠানটি এ লোকসান কাটিয়ে উঠতে ও বিনিয়োগকারীদের দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। লোকসান কাটিয়ে উঠতে এবার ইনস্টাগ্রাম অ্যাপে আরো বিজ্ঞাপন যুক্ত করার বিষয়ে ভাবছে প্রতিষ্ঠানটি। খবর এনগ্যাজেট।
মূলত এক্সপ্লোর ফিডের পাশাপাশি ব্যবহারকারীর প্রোফাইল ফিডেও বিজ্ঞাপন যুক্ত করবে। বিভিন্ন ব্র্যান্ড এখন থেকে এক্সপ্লোর ফিডে তাদের বিজ্ঞাপন যুক্ত করতে পারবে, তবে প্রোফাইল ফিড এখনো পরীক্ষামূলক পর্যায়ে। কনটেন্ট নির্মাতাদের প্রোফাইলে যুক্ত করা বা দেখানো বিজ্ঞাপন থেকে আয় করার সুবিধা দেয়ার বিষয়েও কাজ করছে মেটা।
বিজ্ঞাপন পণ্যের বিষয় মেটা আরো কিছু পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে। যার কিছু ইনস্টাগ্রামকে প্রভাবিত করবে। একটি বিষয় হচ্ছে, প্রতিষ্ঠানটি ইনস্টাগ্রামের ফিড ও স্টোরিজে অগমেন্টেড রিয়েলিটি বিজ্ঞাপন পরীক্ষা করবে। মেটা জানায়, ব্র্যান্ডগুলো ফিচারটি যুক্ত করলে ব্যবহারকারীরা তাদের বাড়িতে ভার্চুয়াল ফার্নিচার বা গাড়ি দেখতে পারবে। এছাড়া প্রতিষ্ঠানটি ফেসবুক ও ইনস্টাগ্রাম রিলসের জন্য নতুন ধরনের বিজ্ঞাপন নিয়ে কাজ করছে।










